স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কমছে, সেবা নিচ্ছেন মোবাইল ফোনে
করোনা ভাইরাসের কারণে স্বরূপকাঠি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অভ্যন্তরীণসহ প্রতিটি বিভাগেই রোগীর সংখ্যা কমেছে।
অনেক রোগী হাসপাতালে না এসে মোবাইল ফোনে নিচ্ছেন চিকিৎসা সেবা। সর্দি, কাশি, জ¦রসহ সাধারণ রোগ নিয়ে কোনো রোগীরা হাসপাতালে আসছে না।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে এ উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ ঘোষণার পর থেকে এ হাসপাতালে রোগীর সংখ্যা আরও কমেছে বলে জানা গেছে।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, বিগত দিনে মাসে গড়ে বহির্বিভাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার, জরুরি বিভাগে দেড় থেকে দুই হাজার রোগী চিকিৎসা সেবা নিতেন।
ইনডোরে পাঁচশ থেকে সাড়ে পাঁচশ রোগী ভর্তি থেকে চিকিৎসা নিতেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ২৮ জন রোগী জরুরি বিভাগে এসেছেন।
এর ভর্তি হয়েছেন পাঁচজন।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া বলেন, হাসপাতালে আগের তুলনায় রোগীর সংখ্যা অনেক কমে গেছে। কারণ হিসেবে তিনি বলেন, করোনা ভাইরাসের আতঙ্ক। তবে অনেক রোগী মোবাইল ফোনে সেবা নিচ্ছেন। যে সকল রোগীরা হাসপাতালে আসছে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
