খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্রাক কর্মকর্তা নিহত
খুলনায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের চাপায় রবিউল ইসলাম শেখ (৩৬) নামে এক ব্রাক কর্মকর্তা নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে খানজাহান আলী (র.) সেতুর অদূরে জাবুসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিহত রবিউল ইসলাম শেখ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাওতাছ গ্রামের মকবুল শেখের ছেলে। তিনি রূপসার তিলক গ্রামে তার মামা বাড়ি সংলগ্ন এলাকায় বসবাস করতেন। তিনি ব্রাকের শরিয়তপুরের চরভাঙ্গা শাখার ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, রবিউল ইসলাম খানজাহান আলী (র.) সেতু টোল প্লাজা পার হয়ে ভ্যানযোগে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন দিক থেকে আকিজ গ্রুপের গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক (যশোর-ট-১১-১৩৭৬) ভ্যানটিকে ধাক্কা দেয়।
এ সময় রবিউল রাস্তার মাঝে পড়ে যান। এ সময় ওই ট্রাকটিই তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় ভ্যানে থাকা আর ও ২জন যাত্রী আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে, তার পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
