হতরিদ্রের মাঝে ক্ষোভ
বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর বরাদ্দকৃত ত্রাণ আত্মসাত
বরিশালে চলমান করোনায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুকের বরাদ্দকৃত হতদরিদ্রদের ত্রাণের পণ্য আত্মসাতের অভিযোগ উঠেছে। সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৯ নং বিল্লবাড়ি এলাকায় অর্ধশত পরিবারকে ত্রান দিতে গিয়ে এ ঘটনা ঘটেছে।
গত দু’দিনে ওই এলাকায় প্রতিমন্ত্রীর অনুসারী পরিচয়ধারী মো: ভুলু স্থানীয় হতদরিদ্রদের মাঝে কেবল চাল বিতরন করে অবশিষ্ট পণ্য আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার হতদরিদ্র ১০ থেকে ১২ জন ওই চাল ফেরত দিয়ে এসেছে। ত্রাণ বিতরণের এমন অনিয়মে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
কাশিপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: শাহ আলম গাজী বলেন, গত রোববার ও সোমবার বিল্লবাড়ি এলাকায় স্থানীয় ভুলু ও মাসুম ত্রাণ দিয়েছে। ওই ত্রাণ পানিসম্পদ প্রতিমন্ত্রীর নামে বিতরণ করা হয়। ত্রানণ বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ করেছেন এলাকার জনগণ।
তিনি বলেন, ত্রাণ বিতরণের নামে কাউকে চাল, আবার কাউকে চাল, ডাল, আলু দেয়া হয়েছে। যেভাবে ত্রাণ এসেছিল তার অনেক পণ্য হতদরিদ্রকে দেয়া হয়নি। যে কারনে ওই এলাকার সবুজ, ফোরকান, সোমলেম, সোহেল সোমবার ত্রান ফেরত দিয়ে এসেছেন।
তিনি বলেন, যারা ত্রাণ দিয়েছেন তারা প্রতিমন্ত্রীর দেয়া বরাদ্দ আত্মীয়-স্বজন দেখে বিতরণ করেছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভ বিরাজ করছে।
কাশিপুর ইউনি যুবলীগের সহ সভাপিত মো: কামাল হোসেন হাওলাদার বলেন, প্রতিমন্ত্রীর বরাদ্দ দেয়া ৫০ জনের ত্রাণ বিল্লবাড়ির ভুলু বিতরণ করেন। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, আধা কেজি সোয়াবিন থাকার কথা। কিন্তু ভুলু তার বাড়িতে এলাকার গরীব মানুষকে ডেকে অধিকাংশকেই কেবল চাল দিয়েছে। তার নিজের আত্মীয় কয়েকজনকে আবার চালের সাথে ডাল, আলু দিয়েছে। যে কারনে ওই চাল সোমবার সকালে স্থানীয় সবুজ, কবির, সালাম ফেরত দিয়ে এসেছে।
ত্রাণ ফেরত দেয়া স্থানীয় বাসিন্দা সেলিম হাওলাদারবলেন, বিল্লবাড়িতে প্রতিমন্ত্রীর সহচর হিসেবে পরিচিতি ভুলু মাত্র ৫ কেজি চাল দিয়ে তাদের সাথে প্রতারনা করেছে। তার পুত্র মিন্টুকেও ৫ কেজি চাল দেয়া হয়েছে। তিনি ওই চাল ফেলত দিয়ে এসেছেন। স্থানীয় বাসিন্দা ও বাবুর্চি সিপন হাওলাদার বলেন, তিনি কেবল চাল পেয়েছেন। ২৫-৩০জনকে কেবল চালই দিয়েছে। এজন্য এলাকাবাসী ক্ষুব্ধ। জানা গেছে, এলাকার ফোরকন হাওলাদার, সোহেল হাওলাদার, মতিন, রাসেলসহ বেশ কয়েকজন ত্রান নিতে গিয়ে ঠকেছেন।
অভিযুক্ত ভুলু এ প্রসঙ্গে বলেন, তিনি প্রতিমন্ত্রীর কাছ থেকে ৫০জনের নামে ত্রান এনেছেন। যাদের বিতরন করেছেন তাদের নাম ও মোবাইল নম্বর তার কাছে লিপিবদ্ধ আছে। প্রত্যেককে ত্রানের ৫০টি প্যাকেটে চাল, তেল, সাবান, আলু, ডাল দেয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিল্লবাড়ির আ’লীগ নেতা মাসুম একই সময়ে চাল বিতরণ করেছেন। ওই চাল বিতরন প্রতিমন্ত্রীর ৫০টি প্যাকেটের বাহিরে। তিনি দাবী করেন ত্রান বিতরনে কোন স্বজনপ্রীতি করা হয়নি।
