ক্ষমতাসীনরা নির্বিঘ্নে দুর্নীতি-লুটপাট করতে বিরোধীদলকে দমন করছে: রিজভী
ক্ষমতাসীনরা দুর্নীতি ও লুটপাট নির্বিঘ্নে করতে বিরোধীদলের নেতাকর্মীদের গুম, খুন ও মিথ্যা মামলা দিয়ে দমন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সম্প্রতি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে সহসভাপতি আব্দুল আলিম নকিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এই নিয়ে মহানগর উত্তর বিএনপিতে বিভক্তি দেখা দিয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, ‘আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস। আজকে বাংলাদেশে গুম হচ্ছে, বিচারবহির্ভূত হত্যা হচ্ছে, এসব অপকর্মের সঙ্গে রাষ্ট্র জড়িত। মানব বিধ্বংসী কাজের সঙ্গে রাষ্ট্র জড়িত। ভিন্ন মতাবলম্বীদের ওপর চলছে নৃশংস আক্রমণ, অত্যাচার, অমানবিক কর্মকাণ্ড। ভিন্নমতকে দমন করার জন্য রাষ্ট্রের সকল যন্ত্র প্রয়োগ করা হচ্ছে। যেখানে গণতন্ত্র অনুপস্থিত আছে সেখানে এ কাজগুলো হচ্ছে। এর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ বাংলাদেশ।’
তিনি বলেন, ‘আমাদের ছেলেরা হারিয়ে যাচ্ছে, গুম হচ্ছে। একের পর এক নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি গণতন্ত্রের জন্য কথা বলার জন্য। তাহলে আজকে এ পরিস্থিতি কেন, মিছিল করা যায় না কথা বলা যায় না। আর কথা বলতে গেলে ভিন্নমত প্রকাশ করলে, সে গুম হয়ে যাচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এটা অমানবিক রাষ্ট্রের একটি দৃষ্টান্ত। এখানে স্বাভাবিক জীবন যাপন করা যায় না।’
তিনি বলেন, ‘মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। এ রকম তো হওয়ার কথা না। দেশে বিরোধীদল থাকবে, সরকারি দল থাকবে।আজকের বিরোধীদলের নেতাকর্মীরা থাকে জেলখানায়, আর সরকারি দলের নেতাকর্মীরা দুর্নীতি-লুটপাট করে সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে। তাহলে কী এই নিষ্ঠুর দুর্নীতি-লুটপাটের জন্যই বিরোধীদলকে দমন করছেন? গুম করছেন, মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হচ্ছে? গোটা রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার জন্যই কি এগুলো করছেন? একদলীয় শাসন ব্যবস্থা চালু রেখেছেন। সুষ্ঠু নির্বাচন দেন না। রাতের অন্ধকারে ভোট চুরি করছেন। এটা চলতে পারে না।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, ‘গণতন্ত্রের জন্য যারা লড়াই করছেন, তারা সত্যের পথে নেওয়ার পথে আছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছি। তিনি নিজে নির্যাতন সহ্য করেছেন যন্ত্রণা ভোগ করেছেন তারপরও মাথা নত করেন নাই।’
তিনি বলেন, ‘এই সরকারের ষড়যন্ত্রে সুদূর প্রবাসে অবস্থান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দিন-রাত সংগঠনের জন্য চিন্তা করছেন তিনি সেখান থেকে দিক-নির্দেশনা দিচ্ছেন। তাই আপনারা মনোবল হারাবেন না। যতই বাধা-বিপত্তি আসুক আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবোই।’
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় অধিকাংশ ঢাকা মহানগর উত্তরের অধিকাংশ নেতাকর্মী অনুপস্থিত ছিলেন। তবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সহ-সভাপতি মাসুদ খান, যুগ্মসাধারণ সম্পাদক শামসুল হক, দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনকে রহুল কবীর রিজভীর সঙ্গে দেখা গেছে।
