করোনায় আক্রান্ত অর্থমন্ত্রীর বড় ভাই
কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির বড় ভাই আবদুল হামিদ করোনায় আক্রান্ত হয়েছেন। ১৫ জুন রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বিষয়টি নিশ্চিত করে প্রবীণ এই নেতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন লালমাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী।
আবদুল হামিদ কুমিল্লা শহরের ঝাউতলাস্থ বাড়ীতে পারিবারিক আইসোলেশনে রয়েছেন। জ্বর ছাড়া তার শরীরে অন্য কোন উপসর্গ নেই। তার পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হয়েছে।
এর আগে গত ১৪ জুন মন্ত্রীর ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারের সরকারি গাড়ীর চালক আবদুর রাজ্জাকের করোনা সনাক্ত হয়। এজন্য ১৫ জুন সকালে উপজেলা চেয়ারম্যানসহ তাদের বাড়ীর ৭সদস্যের নমুনা সংগ্রহ করেছে বাগমারা ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।
এ বিষয়ে লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়াশীষ রায় বলেন, ১৬ জুন পর্যন্ত এই উপজেলায় মোট ৩৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে রিপোর্ট এসেছে ২৮৮ জনের। করোনা সনাক্ত হয়েছে ১৭জনের। করোনায় মারা গেছেন ২জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।
দেশে মহামারি করোনা শুরু পর থেকে অর্থমন্ত্রীর পক্ষে তার দুই ভাই কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলার হতদরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। করোনা ঝুঁকি নিয়েই তারা হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছিলেন।
