পিরোজপুরে ৩ শিশুকে গাছে বেঁধে নির্যাতন, বাবা-ছেলে গ্রেফতার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বাগান থেকে ৯টি মালটা ছেঁড়ার অভিযোগে তিন শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগে বাগানের মালিক এবং তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনের শিকার এক শিশুর বাবা শনিবার রাতে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় মামলা করার পর পুলিশ তাদের গ্রেফতার করে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামী গ্রামের তিন শিশু স্থানীয় আব্দুল জব্বার মিয়ার (৬০) বাগান থেকে কয়েকটি মালটা ছিঁড়ে আনে।
বিষয়টি দেখতে পেয়ে জব্বার এর ছেলে হাসান ওই শিশুদের ধরে চড়থাপ্পর দেয় এবং তাদেরকে আটকে রেখে তার বাবা জব্বারকে খবর দেয়। পরবর্তীতে জব্বার শিশুদের একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে জুতাপেটা করে।
দুপুরের দিকে ওই শিশুদের নির্যাতনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসার পর তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে নেছারাবাদ থানার পুলিশ।
এ ঘটনায় নির্যাতনের শিকার এক শিশুর বাবা শনিবার রাতে নেছারাবাদ থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়েরের পর পুলিশ জব্বার এবং তার ছেলে হাসানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে পাঠানো হবে বলে জানান ওসি কামরুজ্জামান তালুকদার।
