ব্রেকিং নিউজঃ

মাল্টায় বৈধপথে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ

ইউরোপের বৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা জানিয়েছে, মাল্টায় বৈধপথে দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ রয়েছে।

দক্ষিণ ফ্রান্সের পিংক শহর তুলুজের নবোটেল হোটেলের বলরুমে ৯ অক্টোবর অনুষ্ঠিত আয়েবার কার্যনির্বাহী পরিষদের ১৯তম সভায় বক্তারা এ কথা বলেন।

আয়েবার দিনের কর্মসূচির প্রথমে তুলুজে নবনির্মিত স্থায়ী শহিদ মিনারে মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বেলা ২টায় সংগঠনের সভাপতি ইঞ্জি. ড. জয়নুল আবেদিনের সভাপতিত্বে মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি ফকরুল আকম সেলিম।

করোনাপরবর্তী প্রথম সাংগঠনিক সভার শুরুতে প্রাণঘাতী এ মহামারিতে মারা যাওয়া সব বাংলাদেশির রূহের মাগফিরাত কামনা করা হয়।

একই সঙ্গে সংগঠনের প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরীর বড় ভাই মাহমুদ উস সামাদ চৌধুরী, কার্যকরী কমিটির সহসভাপতি রানা তাসলিম উদ্দিনের মা এবং মিলি আলমের স্বামীর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় মহামারি করোনাকালে আয়েবার বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন সংগঠনটির মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

তিনি বলেন, প্রথম পর্যায়ে করোনার ভয়াবহতা এবং নানা প্রতিকূলতার মধ্যেও আয়েবার পক্ষ থেকে প্যারিসে ৪০০ ব্যক্তি ও পরিবারকে জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা এবং করোনায় আক্রান্ত বাংলাদেশিদের জন্য একমাত্র আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছিল।

তিনি বলেন, আয়েবার উদ্যোগেই বাংলাদেশে আটকেপড়া ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাবর্তনের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানবাহিনী কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় দুটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করা হয়।

এতে ৪৮২ প্রবাসী বাংলাদেশি ইউরোপে আসার সুযোগ গ্রহণ করেন। তিনি আরও বলেন, পরবর্তী সময়ে মাল্টায় আটককৃত ১৬৫ বাংলাদেশিকে মুক্তির উদ্দেশ্যে আয়েবার একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করা হয়।

একই সঙ্গে মাল্টায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়েও ফলপ্রসূ আলোচনা করা হয়।

মাল্টা সরকার মনে করে, শর্তসাপেক্ষে ১০ থেকে ২০ হাজার দক্ষ বাংলাদেশি কাজ করার সুযোগ রয়েছে সেখানে, এর মধ্যে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সুইপার ও পর্যটন বিষয়ে দক্ষ শ্রমিকের বিপুল চাহিদা রয়েছে মাল্টায়।

আয়েবা প্রতিনিধিদলকে অনুরোধ করা হয়, সংগঠনটি যেন বাংলাদেশ থেকে সঠিক লোক নিয়ে আসার বিষয়ে সহযোগিতা করে।

এ ব্যাপারে আয়েবা কর্তৃপক্ষ তাদের অপারগতা প্রকাশ করেন। কেননা আয়েবা অলাভজনক মানবিক একটি সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়।

তবে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রপ্তানির বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয় এবং কার্যনির্বাহী ওই সভায় সর্বসম্মতিক্রমে মাল্টার সরকারকে সব ধরনের সহযোগিতা করারও সিদ্ধান্ত গৃহীত হয়।

তুলুজে আয়েবার ১৯তম সভায় বক্তব্য দেন সহসভাপতি ড. জিন্নুরাইন জায়গীরদার (আয়ারল্যান্ড), আহমেদ ফিরোজ (অস্ট্রিয়া), রানা তাসলিম উদ্দিন (পর্তুগাল), মাহারুল ইসলাম মিন্টু (স্পেন) এবং রুহুল আমিন কাজল (ডেনমার্ক)।

সভায় আয়েবার নির্বাহী কর্মকর্তার মধ্যে বক্তব্য দেন শরিফ আল মমিন (ফ্রান্স), শাহীন তালুকদার (গ্রিস), টি এম রেজা (ফ্রান্স), মনোয়ার পারভেজ (অস্ট্রিয়া), সুব্রত শুভ (ফ্রান্স), তাপস বড়ুয়া রিপন (ফ্রান্স), এমদাদুল হক স্বপন (ফ্রান্স), কামাল মিয়া (ফ্রান্স), ইয়াহিয়া খান (ফ্রান্স), হাসান মাহমুদ (ইতালি), মনির আহমেদ (যুক্তরাজ্য) প্রমুখ।

সভার সমাপনী বক্তব্যে ইঞ্জি. ড.জয়নুল আবেদিন আয়েবার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে নানা কার্যক্রমের দিকনির্দেশনামূলক পরামর্শ দিয়ে ১৯তম সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

July 2026
F S S M T W T
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31