রাজশাহীতে ভূমি অধিগ্রহণের চেক পেলেন ১৫ জন
রাজশাহী নগরীর বাসিন্দা গণেশ চন্দ্র ঘোষের জমি সরকার অধিগ্রহণ করেছে। অধিগ্রহণের চেক নিতে গিয়ে গণেশ বললেন, পুলিশ লাইনের কাজের জন্য তাঁর জমি অধিগ্রহণ করেছে সরকার। টাকা পেতে কিছুটা দেরি হলেও তাঁর কোন ভোগান্তি হয়নি। কোথাও তাঁকে ঘুষও দিতে হয়নি।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ১৫ জনের মাঝে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয়েছে। এছাড়া ই-পর্চাও হস্তান্তর করা হয়েছে কয়েকজনের মাঝে। এ দিন ১৫ জনের মাঝে দুই কোটি ৮০ লাখ ৬৮ হাজার ২০৫ টাকার চেক বিতরণ করা হয়। রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী ওয়াসা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উন্নয়ন প্রকল্পের জন্য এই ১৫ জমি অধিগ্রহণ করা হয়েছিল।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। তিনি জমিদাতাদের কাছে চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল। জেলা প্রশাসক বলেন, ভূমি অধিগ্রহণের টাকা অনেকদিন ধরেই আটকে ছিল। তিনি উদ্যোগী হয়ে চেকগুলো দ্রুত ছাড়ার ব্যবস্থা করেন।
জেলা প্রশাসক বলেন, চেক পাবার ক্ষেত্রে কারও কোন হয়রানি হয়নি। এ নিয়ে কেউ তাঁর কাছে অভিযোগ করেননি। এ সময় চেকপ্রাপ্তরা জেলা প্রশাসকের কথায় একমত প্রকাশ করেন। বলেন, চেক পেতে তাঁদের হয়রানি হয়নি।
তবে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর বলেন, আইনশৃঙ্খলা এবং ভূমি সেবা নিয়ে এখনও নানা সমালোচনা রয়েছে। তবে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের কারণে এসব সেবার পাবার ক্ষেত্রে হয়রানি কমেছে। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সবাই যদি প্রতিবাদ করি, তাহলে দুর্নীতি থেমে যাবে। কিন্তু প্রতিবাদ না করে দুর্নীতি মেনে নেয়াটাও অন্যায়। দুজনেই দোষী।
তিনি আরোও বলেন, জমি কেনাবেচার সময় সরকারকে রাজস্ব ফাঁকি দিতে গিয়ে জমির মূল্য কম করে উল্লেখ করা হয় দলিলে। কিন্তু সেই জমিই যখন সরকার অধিগ্রহণ করে তখন দলিলের মূল্য অনুযায়ী জমির মালিক ক্ষতিগ্রস্ত হন। মনে রাখতে হবে, সরকার প্রয়োজন বোধে যে কোন সময় যে কোন জমি অধিগ্রহণ করতে পারে। রাজস্ব ফাঁকি দিতে দলিলে কম মূল্য লেখা মানে নিজেকেই ফাঁকিতে ফেলা। তাই এ ব্যাপারে সবাইকে সচেতন হবার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবদুল মান্নান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম প্রমুখ।
