তুরস্কে বকেয়া খাতা দেখে দরিদ্র পরিবারের অজ্ঞাতে ঋণ শোধ
উসমানি শাসনামলের ঐতিহ্য অনুসরণ করে দরিদ্র ও অভাবীদের ঋণ পরিশোধে বিশেষ উদ্যোগ নিয়েছে তুরস্কের সিভাস প্রদেশ।
দোকানের বকেয়া খাতায় নিবন্ধিত অভাবী ও দরিদ্রদের ঋণ পরিশোধে বিশেষ প্রকল্প শুরু করেছে সিভাসে ধর্ম বিভাগ।
গত বছর তুরস্কের গাজিয়ানটপ প্রদেশ পবিত্র রমজান মাস উপলক্ষে অভাবী ও দুস্থদের সেবায় ঋণ শোধের উদ্যোগ গ্রহণ করে।
প্রদেশের গভর্নর দাউদ গুল উসমানি শাসনামলের ঐতিহ্য অনুসারে দোকানের বকেয়া খাতা দেখে নিবন্ধিতদের ঋণ পরিশোধের বিশেষ উদ্যোগ নেন।
এ সময় তিনি বিভিন্ন দাতব্য সংগঠনের সহায়তায় ২২ এলাকার দুই শয়ের বেশি দোকানের বকেয়া শোধ করেন।
২০২০ সালে চালু হওয়া ‘বকেয়া খাতা প্রকল্প’ নামে উদ্যোগটি পুনরায় শুরু করেছে তুরস্কের সিভাস প্রদেশের ধর্ম বিভাগ।
প্রকল্পের আওতায় প্রত্যেক মাসে প্রদেশের একটি এলাকা নির্ধারণ করা হয়।
এরপর প্রদেশের কর্মকর্তারা এসে মুদি দোকানের বকেয়া খাতায় লেখা ঋণ শোধ করে যায়।ঋণ পরিশোধে উসমানি শাসনামলের ঐতিহ্য পুরোপুরি অনুসরণ করার আগ্রহ প্রকল্পের কর্মীদের।
তখনকার সময়ের ধনী ও বিত্তবান ব্যক্তিরা দোকানে গিয়ে বকেয়া খাতা ক্রয় করে নিত।
অতঃপর খাতায় লেখা অভাবী ও দরিদ্রদের সব ঋণ ধাপে ধাপে পরিশোধ করতেন।
এর সবই ঋণগ্রস্তদের অজ্ঞাতে সম্পন্ন হতো। যেন তাঁরা কোনো ধরনের সংকোচ বা ইতস্তত বোধ না করেন।
তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিকে প্রকল্পের পরিচালক রজব দোগান জানান, উসমানি শাসনামলের বর্ণাঢ্য ঐতিহ্য পুনরায় চালুর অংশ হিসেবে এই প্রকল্প শুরু করা হয়।
যেসব এলাকায় অভাবী ও দুস্থদের সংখ্যা বেশি, সেসব এলাকায় প্রকল্পটি শুরু করা হয়।
চূড়ান্ত গোপনীয়তা রক্ষা করে ঋণ শোধ করা হয়। ফলে ঋণগ্রস্তদের কেউ জানতে পারে না কে তাদেরকে সহায়তা করেছে।
সিভাস প্রদেশের ধর্মীয় সেবা বিষয়ক কর্মকর্তা রজব আরো জানান, প্রকল্প বাস্তবায়নে তাঁরা ইতিমধ্যে বিভিন্ন এলাকার মুদি দোকানের মালিকদের সঙ্গে যোগাযোগ করেছেন।
এলাকার অভাবী ব্যক্তি ও পরিবার নির্ধারণের পাশাপাশি প্রতি মাসে বিভিন্ন দোকান নির্ধারণ করা হয়। অতঃপর নির্ধারিত পরিবারের ঋণ শোধ করা হয়।
এখন পর্যন্ত সিভাস প্রদেশের ৮টি এলাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন রজব। এমন অভিনব সমাজসেবা পেয়ে স্থানীয়রা তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
উসমানি শাসনামলের সমাজসেবামূলক ঐতিহ্য ধারণে সবাইকে উদ্বুদ্ধ করতেই মূলত এ প্রকল্প চালু করা হয়েছে।
যেন সমাজের সব শ্রেণী নিজ নিজ অবস্থান থেকে অভাবীদের সহায়তা বিশেষ ভূমিকা পালন করতে পারেন।
আলিবাবা এলাকার মসজিদের ইমাম ইসমাইল উদাবাশি স্থানীয় দরিদ্র ও অভাবী পরিবারের ঋণ পরিশোধের এ প্রকল্পে অংশ নেন। অভিনব এ উদ্যোগে অংশ নিয়ে নিজের আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
উসমানি শাসনামলে ধনীরা নানাভাবে দরিদ্র ও অভাবীদের সহায়তায় এগিয়ে আসতেন।
বিভিন্ন দোকান থেকে বকেয়া খাতা সংগ্রহ করে অভাবী পরিবারের পুরো ঋণ বা আংশিক শোধ করতেন।
এরপর বকেয়া খাতা থেকে তাদের নাম কেটে দেওয়া হতো। তবে ঋণ পরিশোধকারী ব্যক্তির নাম ও পরিচয় সব সময় গোপন থাকত।
ফলে অভাবী পরিবার কখনো জানতে পারতেন না, কে তার ঋণ পরিশোধ করেছে। সূত্র : আনাদোলু এজেন্সি
