অস্ট্রিয়ায় করোনায় প্রবাসী আ’লীগ নেতার মৃত্যু
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একেএম শওকত আলী নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ভিয়েনার ভিলহেলমিনেন হাসপাতালে তিনি মারা যান।
কিশোরগঞ্জের সন্তান শওকত আলী দীর্ঘদিন সপরিবারে অস্ট্রিয়াতে বসবাস করছেন। তিনি অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
২৬ অক্টোবর সর্দি-জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট শুরু হলে শওকতকে ভিলহেলমিনেন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়।
গতকাল শুক্রবার হঠাৎ করে আবার তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৯ বছর।
শওকত আলী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শওকতের মৃত্যুতে অস্ট্রিয়া আওয়ামী লীগসহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
