ভুয়া মোবাইল কোর্ট সাজিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় থানার ওসিকে বদলি
রংপুরে ভুয়া মোবাইল কোর্ট সাজিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে শাস্তিমূলক বদলি করা হয়েছে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমানকে। শুক্রবার এ আদেশ জারি করা হয়।
রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, তদন্ত করে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে।
শাস্তিমূলক বদলি হিসেবে তাকে কুড়িগ্রামে দেওয়া হয়েছে।
তিনি জানান, একটি ভুয়া মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিলো ওসি হাবিবুরের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, চলতি বছর ১৪ এপ্রিল পাঠানের হাট এলাকার রাস্তা থেকে ওই কৃষকের একটি মাটি ভর্তি ট্রলি বদরগঞ্জ থানার এসআই হাবিব আটক করে থানায় নিয়ে যায়।
২৭ দিন পর তাকে জানানো হয় মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১১ মে ওসির কাছে ৫০ হাজার টাকা জমা দিয়ে তিনি ট্রলিটি ফেরত নেন।
কিন্তু কোন রশিদ না দেওয়ায় সন্দেহ হওয়ায় ইউএনও অফিসে খোঁজ নিয়ে ওই কৃষক জানতে পারেন তার নামে মোবাইল কোর্টে কোন মামলা হয়নি।
