নোয়াখালীর হাতিয়ার ৩ হাজার মানুষ পানিবন্দি
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় চর ঈশ্বর, সুখ চর ইউনিয়নে ভাঙ্গা বেড়ি বাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে ৬ গ্রামের ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দি মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
জোয়ারের পানিতে অনেকের বসতবাড়ি ডুবে যায়। তলিয়ে যায় ফসলি জমি, মাছের ঘের ও গবাদি পশুর আবাসস্থল। নলচিরা ঘাটের প্রায় ২০টি দোকান ঘর স্রোতের টানে পানিতে ভেসে যায়। জোয়ারের পানিতে অনেকের বাড়ির পুকুরের মাছ ভেসে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানান, গত কয়েকদিনের পূর্ণিমার প্রভাবে মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়া উপজেলার ৩টি ইউনিয়নের লোকজন পানিবন্দি হয়ে পড়েছে। আগামী ৩-৪ দিন পানি আরও বাড়ার আশংকা রয়েছে। পানি বৃদ্ধির ফলে প্রতিদিনই হাতিয়া উপজেলার নিম্নাঞ্চলে বাড়িঘর ও ফসলের মাঠ প্লাবিত হয়ে ক্ষতি হচ্ছে ফসল ও মৎস্য খামারের।
তিনি আরও জানান, এই তিনটি ইউনিয়নে ২ কিলোমিটার বেড়ি বাঁধ নেই। এগুলো মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বরাদ্দ আসলে কাজ শুরু করা হবে।
