ব্রেকিং নিউজঃ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: স্বজনদের মাতমে আকাশ ভারী

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার ঘাটে যাত্রীবাহী একটি লঞ্চ অন্য একটি লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা এখনো অব্যাহত আছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে একটি লঞ্চ অপর একটি লঞ্চের ধাক্কায় নদীতে ডুবে যায়। এতে ধাক্কা প্রদানকারী এমভি ময়ুরী-২ লঞ্চটিকে আটক করা হলেও ওই লঞ্চের চালক পলাতক রয়েছে।

জানা যায় মুন্সীগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে এমভি মর্নিং বার্ড নামে একটি ছোট যাত্রীবাহী লঞ্চ প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সদরঘাটের শ্যামবাজার ঘাটের দিকে আসছিল। এসময় লঞ্চটি ঘাটে ভেড়ার কয়েক মিনিট আগে ওই ঘাটের বিপরীত থেকে আসা এমভি ময়ুরী-২ নামে অপর একটি লঞ্চ তাকে ধাক্কা দিলে সাথে সাথেই লঞ্চটি নদীতে ডুবে যায়। এতে সাঁতরিয়ে কিছু যাত্রী পাড়ে উঠলেও বেশিরভাগ নদীতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোষ্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনের লাশ উদ্ধার করে।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন। তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। উদ্ধারকৃত লাশগুলি ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে প্রেরণ করা হলে সেখানে স্বজনদের ভিড় পড়ে যায় এবং তাদের আহাজারিতে ওই এলাকার পরিবেশ ভারী হয়ে যায়।

সদরঘাট টার্মিনালে বিলাপরত হামিদা বেগম জানান, তার বড় ভাই আবু তাহেরের (৫৫) আর অফিসে যাওয়া হল না। তিনি যমুনা ব্যাংকের মতিঝিল শাখায় চাকরি করতেন। বিক্রমপুর নিজ বাড়ি থেকে সকালে ওই লঞ্চযোগে ঢাকায় এসে তার অফিসে সকালে অফিস করার কথা ছিল।

শরিফ তালুকদার নামে অপর এক ব্যক্তি জানান, তার ছোট ভাই সুমন তালুকদার (৩৭) এই লঞ্চডুবির ঘটনায় নিহত হয়েছে। সে যমুনা ব্যাংকের রাজধানীর ইসলামরুর শাখায় কর্মরত ছিলেন।

এদিকে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930