মেঘনা মোহনায় মালামাল নিয়ে ট্রলার ডুবি, ১৫ ব্যবসায়ী প্রাণে রক্ষা
চাঁদপুর শহরের পুরান বাজার থেকে মালামাল ক্রয় করে শরীয়তপুর জেলার নড়িয়ার ১৫ ব্যবসায়ী তাদের মালামাল নিয়ে ট্রলারযোগে মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় প্রচন্ড ঘূর্ণিপাক ও স্রোতের তোড়ে ট্রলার ডুবে পানিতে নিমজ্জিত হয়। স্থানীয় জেলে ও মাঝিদের সহযোগিতায় ব্যবসায়ীরা উদ্ধার হলেও প্রায় ২০ ব্যবসায়ীর ৩০ লাখ টাকা মূল্যের মালামাল উদ্ধার করা এখন পর্যন্ত সম্ভব হয়নি।
ট্রলার মাঝি মো. অলি জানান, চাঁদপুর পুরান বাজার থেকে শরীয়তপুর নড়িয়া থানার আত্রাই ইউনিয়নের ২০ জন ব্যবসায়ীর চাল, ডাল, লবন, তেল, আটা, ময়দা, ডিম, বিস্কুট, চানাচুর, বুশিসহ অন্যান্য খাদ্য সামগ্রী নিয়ে ট্রলারটি ছাড়ে।
ঘটনাস্থলে গেলে উজান থেকে আসা প্রচন্ড ঘূর্ণি স্রোত ও ঢেউয়ের আঘাতে প্রায় ৩০ হাত লম্বা ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। ট্রলারে থাকা ১৫জন ব্যবসায়ী একই সময় পানিতে ডুবে যায়। এ সময় তারা বাঁচাও বলে চিকৎকার দিলে ভাসমান অবস্থায় পুরাণ বাজার রনাগোয়াল পশ্চিম শ্রীরমাদী এলাকার মেঘনা নদীতে থাকা জেলে ও মাঝিরা তাদেরকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।
তিনি আরো জানান, ট্রলার থেকে ডুবে যাওয়া কয়েকটি তেলের ড্রাম ভাসমান অবস্থায় উদ্ধার করা হলেও বাকী সব মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
চাঁদপুর নৌ থানার ওসি মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার পর সংবাদ পেয়েছি। ডুবে যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ নৌ-পুলিশ চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, প্রতিবছর এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার পানি নেমে যাওয়ার সময় মেঘনা নদী ভয়ংকর রূপ ধারণ করে এবং নৌযান দুর্ঘটনার শিকার হয়।
