ময়মনসিংহ হাসপাতালের ল্যাবে নমুনা সংগ্রহ বন্ধ
ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় বুধবার কোন নমুনা পরীক্ষা হয়নি। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত নমুনা পরীক্ষা বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়। এ প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে নতুন করে নমুনা সংগ্রহ বন্ধ রয়েছে।
সিভিল সার্জন এ বি এম মসিউল আলম জানান, কারিগরি ত্রুটি এবং আগামীতে নতুন টেষ্ট কিট আসছে তাই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে এ সমস্যা সমাধান হয়ে যাবে। নমুনা সংগ্রহ শুরু হলে সবাইকে অবহিত করা হবে। তাই পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত হাসপাতালে নমুনা দিতে ভীড় না করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ এর অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ বলেন, কারিগরি ত্রুটির কারণে বুধবার থেকে মেডিকেল কলেজের মাইক্রবায়োলজি বিভাগের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষা সাময়িক বন্ধ রয়েছে।
