ব্রেকিং নিউজঃ

দোয়া কবুল হয় যে সময়

আমাদের প্রিয় নবি হজরত মুহাম্মাদ (সা.) বলেছেন দোয়াই ইবাদত। আল্লাহতায়ালা মানুষ সৃষ্টি করেছেন। মানুষের প্রয়োজনীয় অনেক কিছু মানুষ না চাইতেই আল্লাহর কাছ থেকে পেয়ে থাকেন, এটা আল্লাহর অশেষ রহমত।

আর মানুষের প্রয়োজনীয় এমন অনেক কিছু আছে যার জন্য মানুষকে আল্লাহর কাছে সর্বদা চাইতেই হয়, এ চাওয়ার নামই হচ্ছে দোয়া।

মানুষ তার দৈনন্দিন জীবনে অনেক বিপদ-আপদ অনেক সমস্যার সম্মুখীন হয়, যার থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে।

এ দোয়া হাত তুলে করতে হবে এমন কোনো কথা নেই, যখন যা দরকার ছোট-বড় সব প্রয়োজনের জন্য আল্লাহর কাছে একাগ্রচিত্তে চাওয়াই দোয়া।

আল্লাহ বলেন, ‘তোমরা আমার নিকট চাও আমি তোমাদেরকে দেব’। আল্লাহর কাছে বান্দা কিছু চাইলে আল্লাহ তাতে খুশি হন, হাদিসে আছে ‘আল্লাহর কাছে দোয়া অপেক্ষা অধিক প্রিয় জিনিস আর কিছুই নেই’।

অতএব, দোয়া থেকে বিরত থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহতায়ালা অসীম দয়ালু। আমরা তাঁর কাছ থেকে অসংখ্য নেয়ামত পাচ্ছি প্রতিদিন। তার মধ্যে অন্যতম হলো দোয়া কবুল হওয়া। আমরা যে কোনো সমস্যায় পড়লেই মহান রাব্বুল আলামিনকে ডাকি। আল্লাহ তাঁর বান্দাদের দোয়া কবুল করার জন্য বিভিন্ন রকম সুযোগ খোঁজেন।

সেজন্য দিন রাতের কিছু মুহূর্ত ঠিক করে রেখেছেন যখন দোয়া কবুল হয়। আজান ও ইকামতের সময় : হজরত আনাস (রা.) হতে বর্ণিত, হজরত (সা.) বলেন, ‘আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না’ (তিরমিজি, ১৯৬)। রাতের শেষ তৃতীয়াংশে : প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশে দোয়া কবুল হয়।

আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, হাদিসে ইরশাদ হচ্ছে, ‘প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ্ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছ, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছ আমার কাছে চাইছ, আমি তাকে তা দেব। কে আছ আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব’ (মুসলিম, ১২৬৩)।

শেষ রাতে : সাহাবি হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, হজরত (সা.) ইরশাদ করেন, ‘শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে, সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেওয়া হলো না। আর এটা প্রতিটি রাতেই ঘটে’ (মুসলিম, ১২৫৯)। জমজমের পানি পান : মহানবি (সা.) বলেন, ‘জমজমের পানি যে নিয়তে পান করা হবে তা কবুল হবে’ (ইবনে মাজা, ৩০৫৩)। রাতে ঘুম থেকে জেগে : সাহাবি হজরত উবাদা বিন সামিত (রা.) থেকে বর্ণিত, হজরত (সা.) বলেন, যে কেউ রাতের বেলা ঘুম থেকে জাগে আর বলে; ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা-শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি শাইয়িন কাদির।

আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লাইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ্’ এবং এরপর বলে, ‘আল্লাহুম মাগফিরলি (আল্লাহ্ আমাকে ক্ষমা করুন) অথবা আল্লাহ্র কাছে কোনো দোয়া করে, তাহলে কবুল করা হবে’ (বোখারি, ১০৮৬)। সেজদার সময় : হজরত (সা.) বলেন, ‘যে সময়টাতে বান্দা আল্লাহ্র সবচেয়ে নিকটবর্তী অবস্থায় থাকে তা হলো সেজদার সময়। তোমরা সে সময় আল্লাহর কাছে বেশি চাও’ (মুসলিম, ৭৪৪)।

ফরজ নামাজের পর : সাহাবি হজরত আবু উমামা (রা.) হতে বর্ণিত, হজরত (সা.)কে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ্! কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে (তিরমিজি, ৩৪২১)। বৃষ্টি ও আজানের সময় : হজরত (সা.) বলেন, ‘দুই সময়ের দোয়া ফেরানো হয় না। আজানের সময়ের দোয়া ও বৃষ্টি পড়ার সময়কার দোয়া’ (আবু দাউদ, ২১৭৮)।

আল্লাহতায়ালা আমাদের দোয়া কবুলের যে সুযোগ দিয়েছেন সেটা অনেক বড় প্রাপ্তি। আমাদের সেটা কাজে লাগানো উচিত। দোয়া হলো ইবাদতের মগজ। যারা সুখে-দুঃখে, বিপদে-আপদে সর্বাবস্থায় দোয়ার হস্ত সম্প্রসারিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খালি হাত ফিরিয়ে দেন না।

কুরআন ও হাদিসে আল্লাহ্ আমাদের এমন অনেক দোয়াই শিখিয়ে দিয়েছেন যা আমাদের প্রতিদিন পড়তে হয় এসব দোয়া দ্বারা দুধরনের উপকার হয়, যেমন দোয়া চাওয়াতে আল্লাহতায়ালা খুশি হন অন্যটি হলো এ দোয়ার মাধ্যমে আল্লাহর শোকরানা আদায় হয়ে যায়।

 

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930