সাদুল্লাপুর পৌরসভায় নিকটস্থ মৌজা বাদ ও দুরবর্তী মৌজা অর্ন্তভুক্তের প্রতিবাদে মানববন্ধন
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর পৌরসভা গঠন প্রক্রিয়ার প্রস্তাবিত সীমানা নির্ধারণে নিকটতম মৌজা বাদ ও দুরবর্তী মৌজা অর্ন্তভুক্তে স্বেচ্ছাচারিতা এবং ইউপি নির্বাচন বন্ধে নীল নকশার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর রবিবার বিকালে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বনগ্রাম, কামারপাড়া ও জামালপুর ইউনিয়নবাসী। অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তরা প্রস্তাবিত সাদুল্লাপুর পৌরসভার সীমানায় প্রাণকেন্দ্রের খামারবাগচি ও গয়েশপুর মৌজা দুটি অর্ন্তভুক্ত করে পুনরায় গেজেট প্রকাশের দাবি জানান। একই সঙ্গে পৌরসভা গঠনের নামে বনগ্রাম, জামালপুর ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধে নীল নকশার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেয়াসহ উপজেলার সকল ইউনিয়নে তফসিল ঘোষণার দাবিও জানান তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন, জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ফকির, জাতীয় শ্রমিকলীগের সভাপতি জাহিদ হাসান উল কাওছার, কামারপাড়া ইউনিয়ন আওয়মীলীগ নেতা তারিকুল ইসলাম বংকু মাস্টার ও বনগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য শাহজাহান সরকার প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্বারকলিপি প্রদান করা হয়।
