প্রকাশ্যে গুলিতে নিহত বেড়ে ৩, হামলাকারী এএসআই আটক
কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীরা এক দম্পতি ও তাদের শিশু সন্তানকে গুলি করেছে। এতে গৃহবধূ তার স্বামী এবং সন্তান নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী।
নিহতরা হলেন-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতাকারিগর পাড়ার মিজবারের ছেলে শাকিল (২৮), তার স্ত্রী আসমা (২৫) ও ছেলে রবিন (৫)। নিহত শাকিল একজন বিকাশ কর্মী ছিলেন।
শহরের কাস্টম মোড় এলাকায় রোববার (১৩ জুন) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
আটক ব্যক্তির নাম সৌমেন রায়। তিনি খুলনার ফুলতলা থানার এএসআই বলে নিশ্চিত করেছেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন।
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ওসি সাব্বিরুল ইসলাম জানান, শহরের কাস্টমস মোড়ে বেলা ১১টার দিকে গুলিতে ঘটনাস্থলেই নিহত হন আসমা নামের ওই নারী। গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গে থাকা যুবক ও শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আনার পর ওই ব্যক্তি ও শিশুটির মৃত্যু হয়। সেখানে আসমার মরদেহও আনা হয়েছে।
ওসি জানান, ঘটনার পরপরই সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। ওই ব্যক্তিই গুলি চালিয়েছেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খায়রুল আলম জানান, বিয়ে-বহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।
স্থানীয় ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু বলেন, ‘যাদের হত্যা করা হয়েছে, তাদের কাউকেই আমি চিনি না; তারা বহিরাগত। গুলিবর্ষণকারী হিসেবে যাকে আটক করা হয়েছে, তাকেও চিনতে পারিনি।’
