শাহজালাল বিমানবন্দরে যুক্তরাজ্যে জাল ভিসাসহ সহ ভারতীয় নাগরিক আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার প্রস্তুতির সময় এক ভারতীয় নাগরিককে আটক করেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
আটক ভারতীয় নাগরিক শাকথিভেল জাল ভিসা নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটও কেটেছিলেন।
২৪ জানুয়ারি শাকথিভেল চেক–ইন কাউন্টারে বোর্ডিং পাস নিতে গেলে কাউন্টারের কর্মকর্তা দেখেন শাকথিভেলের পাসপোর্টে যুক্তরাজ্যের যে ভিসা লাগানো আছে, সেটি ভুয়া।
বিষয়টি যুক্তরাজ্য দূতাবাসকে জানানো হলে দূতাবাসের ইমিগ্রেশন লিয়াজোঁ অফিসার সাদিয়া আনজুম বিমানবন্দরে এসে ভিসাটি জাল বলে শনাক্ত করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাসপোর্ট, টিকিটসহ শাকথিভেলকে এয়ারপোর্ট আর্মড পুলিশের কাছে হস্তান্তর করে।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর বলেন, শাকথিভেল কী উদ্দেশ্যে বাংলাদেশ হয়ে যুক্তরাজ্যে যাচ্ছিলেন, এখনো জানা যায়নি। তাঁর কথাবার্তা যথেষ্ট সন্দেহজনক। তাঁর দেওয়া তথ্যের যাচাই–বাছাই চলছে।
পুলিশ বলছে, শাকথিভেল ইংরেজিতে কথা বলেন না। পাসপোর্টে নদীয়ার ইছাপুর গ্রামের কথা লেখা হলেও তিনি বাংলা বোঝেন না বলে জানিয়েছেন। তাঁর কাছ থেকে তথ্য আদায়ই কঠিন হয়ে পড়ছে।
পাসপোর্টের তথ্য অনুযায়ী ২০ জানুয়ারি শাকথি বেনাপোল থেকে বাংলাদেশে ঢোকেন। তিনি রবির একটি সিম ব্যবহার করছেন এবং সব যোগাযোগ করেছেন হোয়াটসঅ্যাপে। তাঁর এদেশীয় সহযোগীদের শনাক্ত করারও চেষ্টা চলছে।
