রাজধানীতে শিশু অপহরণের অভিযোগে নারী আটক
রাজধানীর পল্লবীর মুসলিম বাজার এলাকা থেকে নয় বছরের শিশু মিথিলা আক্তারকে অপহরণের অভিযোগে সুমি বেগম (৪০) নামের এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৪)। গতকাল বুধবার বিকেলে তাঁকে আটক করা হয়। সে সময় উদ্ধার করা হয় মিথিলাকে।
আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন র্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।
র্যাব কর্মকর্তা আরো বলেন, ‘সুমি বেগম নামের এক অপহরণকারী আর্থিকভাবে লাভের আশায় নয় বছরের শিশু মিথিলা আক্তারকে অপহরণ করেন। এই বিষয়ে মিথিলার পরিবারের অভিযোগ করে আমাদের কাছে। অভিযোগ গ্রহণের চার ঘণ্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বিকেলে পল্লবীর মুসলিম বাজারের সি ব্লকে অভিযান চালানো হয়। সে সময় অপহরণকারীকে আটক ও শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণকারীর গ্রামের বাড়ি শরীয়তপুরে।’
সাজেদুল ইসলাম সজল আরো দাবি করেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমি বেগম জানিয়েছেন, তিনি অনেকদিন ধরেই শিশু অপহরণের সঙ্গে যুক্ত। বাসায় কাজ দেওয়ার নাম করে অসহায় গরিব শিশুদের অপহরণ করেন তিনি। শিশুদের খাবার ও ভালো থাকার প্রলোভন দেখিয়ে তিনি অপহরণ করতেন। শিশুদের দালালের কাছে বিক্রিও করতেন সুমি।’
অপহরণকারী সুমি বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে জানিয়ে সাজেদুল ইসলাম সজল বলেন, ‘অপহরণকারীর দেওয়া তথ্য অনুযায়ী এই ব্যাপারে অধিকতর তদন্ত করছি। এই ধরনের ঘটনায় যারা জড়িত আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
