করোনার চিকিৎসায় হাইকোর্টের ১১ দফা স্থগিত চায় রাষ্ট্রপক্ষ
চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে রোগীদের সেবা নিশ্চিত করতে হাইকোর্টের দেয়া ১১ দফা নির্দেশনা স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে দেশের সব হাসপাতাল ও ক্লিনিক থেকে সাধারণ রোগীদের (নন-কোভিড-১৯) ফিরিয়ে না দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ ১১ দফা আদেশ দেন।
একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা দুটি নির্দেশনার আলোকে চিকিৎসাসেবা দেয়াসহ ৮ দফা নির্দেশনা দিয়েছিলেন আদালত।
এর আগে গেল শনিবার করোনাকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে দেশের সব হাসপাতাল ও ক্লিনিক থেকে সাধারণ রোগীদের (নন-কোভিড-১৯) ফিরিয়ে না দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি করা হয়।
রিটে রোগীদের চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে ফেরত পাঠানোর ঘটনায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে সুপ্রিম কোর্টের ৪ আইনজীবী অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল, মো. নাজমুল হুদা, মোহাম্মাদ মেহেদী হাসান ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জনস্বার্থে এ রিটটি করেছিলেন।
