ফের নির্বাচনি প্রচারণায় নামছেন: ডোনাল্ড ট্রাস্প
করোনাভাইরাসের হুমকি ও জর্জ ফ্লয়েড হত্যার উত্তেজনার আবহেই আগামী দু’সপ্তাহের মধ্যে ফের নির্বাচনি প্রচার শুরু করতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে প্রচার চালানোর জন্য ট্রাম্প উদগ্রীব, বলছেন তার সহযোগীরা।
গত ২ মার্চের পর থেকে আর কোনো নির্বাচনি সমাবেশ করেননি ট্রাম্প। করোনাভাইরাসের কারণে তিনমাস প্রচার বন্ধ রাখার পর এবার ১৯ জুন আবার তিনি নির্বাচনি সমাবেশ শুরু করছেন বলে জানিয়েছে বিবিসি।
বিবিসি জানায়, ট্রাম্প ওকলাহোমার তুলসা শহরকে নির্বাচনি সমাবেশের জন্য বেছে নিয়েছেন। শহরটি আমেরিকার ইতিহাসে বৃহত্তম বর্ণবাদী সহিংসতার স্থান হিসেবে চিহ্নিত হয়ে আছে।
তবে ফ্লয়েড হত্যা নিয়ে উত্তেজনার আবহে তুলসায় সমাবেশের ঘোষণায় অনেকেই বিস্মিত হয়েছেন।ট্রাম্পের প্রচার শিবির বলছে, সমাবেশটি হবে ১৯ জুনে। যে দিনটি দাসত্ব মুক্তির দিন।
এ দিনটিকে আফ্রিকান-আমেরিকানরা ‘জুনটিন্থ’ হিসাবে স্মরণ করে আসছে। গৃহযুদ্ধ জয় এবং দাসত্ব অবসানে ভূমিকার জন্য ট্রাম্পের রিপাবলিকান পার্টি গর্ববোধ করে।
এদিকে, করোনাভাইরাস হুমকির মধ্যেও ট্রাম্পের সমাবেশ শুরু করা নিয়ে তার প্রচার শিবিরের বক্তব্য হচ্ছে, জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে সম্প্রতি যে বিশাল বিশাল বিক্ষোভ-মিছিল হয়েছে, তাতে এখন ট্রাম্পের সমাবেশ নিয়ে সমালোচকরা আর তেমন উচ্চবাচ্য করতে পারবেন না।
সমাবেশের স্থান ঘোষণা করে ট্রাম্প ওকলাহোমায় করোনাভাইরাস সংক্রমণ কমে আসার খবরটিও সবাইকে জানিয়েছেন। গোটা দেশের মধ্যে সেখানেই এখন সংক্রমণ সবচেয়ে কম।
ট্রাম্প বলেন, “আমরা সমাবেশ শুরু করছি। প্রথমটা হবে ওকলাহোমায়, তুলসায়। চমৎকার নতুন একটি স্থান। তারা এ সমাবেশের অপেক্ষায় আছে। ওকলাহোমা রাজ্য করোনাভাইরাস পরিস্থিতিও ভালভাবে সামাল দিয়েছে।”পরবর্তী প্রচার সমাবেশগুলো ফ্লোরিডা, টেক্সাস এবং অ্যারিজোনায় হবে বলেও জানান তিনি।
