সারাদেশে ভাতা ও ত্রাণ উপকারভোগী ৮০ লক্ষাধিক
কোভিড-১৯ পরিস্থিতিতে সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় জুন পর্যন্ত ৮০ লাখ ৯ হাজার উপকারভোগীর মধ্যে প্রায় সাড়ে ২৬ কোটি টাকার ভাতা বিতরণ করা হয়েছে।
অন্যদিকে, সুবিধাবঞ্চিত শিশুসুরক্ষা কার্যক্রমের অধীনে ৮৫টি সরকারি শিশু পরিবার, ৬টি এতিমখানা ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র-, ৩টি মহিলাদের আর্থসামাজিক প্রশিক্ষণকেন্দ্র, ৬টি ছোটমনি নিবাস, ১টি ডে- কেয়ার সেন্টার, ১৩টি শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্র এবং ৩টি দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে সরকারি উপকারভোগী ১৭ হাজার এবং ৩ হাজার ৯২০টি বেসরকারি ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানায় উপকারভোগী ৯৭ হাজার শিশু।
এছাড়াও বিশেষ ত্রাণ হিসেবে ২ লাখ ৭৬ হাজার ৬৭৩ জনকে খাদ্য সহায়তা ও নগদ-অর্থ প্রদান করা হয়েছে। উপকারভোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১ লাখ ২ হাজার ৭৩৬, ঢাকা বিভাগে ৮৭ হাজার ৯৩২, রংপুর বিভাগে ২২ হাজার ৯৯৪, বরিশাল বিভাগে ১৫ হাজার ৭শ, খুলনা বিভাগে ১২ হাজার ৫৮৩, রাজশাহী বিভাগে ১১ হাজার ১২৩, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ৫৭৪, সিলেট বিভাগে ৫ হাজার ২৮৬ ও ঢাকা মহানগরে ১২ হাজার ৭৪৫ জন।
উল্লেখ্য, ত্রাণকার্যক্রমে অংশ নিতে গিয়ে এ পর্যন্ত ২১জন কর্মচারী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং তারা বিভিন্ন হাসপাতালে ও নিজবাসায় চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র: বাসস
