ব্রেকিং নিউজঃ

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টাকা পাঠাতে আগামী পাঁচ দিনের মধ্যে অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে। গতকাল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশ পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ২০১৯ সালে পিইসি ও জেএসসি পরীক্ষায় রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দকৃত টাকা অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক জিটুপির (ইএফটি) আওতায় অনলাইনে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

এজন্য প্রতিষ্ঠানপ্রধানদের এ দুই পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের একক বা অভিভাবকদের যৌথ নামে অনলাইন সুবিধাসম্পন্ন যে কোনো তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকে আগামী ৩ জুনের মধ্যে অনলাইন ‘স্কুল ব্যাংক হিসাব’ বা ‘ব্যাংক হিসাব’ খুলে তা ৫ জুনের মধ্যে এমআইএসই-এ আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ এমআইএসই সফটওয়্যার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এএমআইএস সেল থেকে যথাসময়ে আপলোড করা হবে বলে জানিয়েছে মাউশি। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নিয়মিত বা ধারাবাহিকভাবে অধ্যয়নরত আছে কিনা, তা জানানোর পাশাপাশি কারও পাঠ বিরতি রয়েছে কিনা, তা এমআইএসই-এ আপলোড করতে হবে।

এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশনা দিয়ে মাউশি বলছে, শিক্ষার্থীদের নামে অনলাইন ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। এ বিষয়ে কোনো ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠানপ্রধানরা ব্যক্তিগতভাবে দায়ী হবেন।

প্রাথমিক সমাপনীর ফলের ভিত্তিতে ৩৩ হাজার শিক্ষার্থীকে ট্যালেন্টপুল এবং সাড়ে ৪৯ হাজার জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে পায়।

অন্যদিকে জেএসসিতে মেধা বৃত্তিপ্রাপ্তদের মাসে ৪৫০ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ৩০০ টাকা করে দেওয়া হয়। এর বাইরে বইপত্র কিনতে প্রতিবছর মেধা বৃত্তিপ্রাপ্তদের এককালীন ৫৬০ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ৩৫০ টাকা করে দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930