করোনার উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেলের সাবেক পরিচালকের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে প্রখ্যাত চিকিৎসক ও সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) সাবেক পরিচালক ডা. মীর মাহবুবুল আলম মারা গেছেন। আজ মঙ্গলবার ভোররাত ৩টা ২৫ মিনিটে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডা. মীর মাহবুবুল আলম দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। লিভার সিরোসিস ছাড়াও ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। এ অবস্থায় কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
পরে গত বুধবার (০৭ মে) হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তবে উপসর্গ থাকলেও ডা. মীর মাহবুবুল আলম করোনায় আক্রান্ত ছিলেন না। চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে বলে জানান হিমাংশু লাল রায়।
ডা. মীর মাহবুবুল আলম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (সিওমেক) পরিচালকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। এ ছাড়া তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিকেল সাইন্সের ডিনও ছিলেন।
