ব্রেকিং নিউজঃ

নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে চিকিৎসাধীন ৭২ আক্রান্ত

নারায়ণগঞ্জ করোনা হাসপাতালে (খানপুর ৩০০ শয্যা হাসপাতাল) চিকিৎসাধীন ৭২ আক্রান্ত রোগী ভালো আছেন এবং তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়। দুপুর পর্যন্ত এ হাসপাতালে মোট ৭২ জন করোনা আক্রান্ত (কোভিড-১৯) রোগী ভর্তি হয়েছেন।

ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় জানান, এখানে যারা ভর্তি আছেন তাদের চিকিৎসাসেবা চলছে এবং তারা সবাই ভালোর দিকে। দুপুর পর্যন্ত আমাদের হাসপাতালে ৭২ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। আমাদের চিকিৎসক ও নার্সসহ সব স্বাস্থ্যকর্মী তাদের পাশে থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন। আক্রান্তদের সবাই সুস্থতার পথে আছেন।

তিনি জানান, এখানে রোগীদের আইসোলেট করে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা ২৪ ঘণ্টাই তাদের চিকিৎসাসেবা দিচ্ছেন। ইনডোর, আউটডোর সবখানেই আমাদের চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। বুধবার (৬ মে) থেকে ল্যাবের কার্যক্রম শুরু হবে এবং আমরা এখান থেকে টেস্ট কার্যক্রমও পরিচালনা করবো।

নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের মোট ৩২৯ জন স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন। যার মধ্যে ৩৮ জন চিকিৎসক, ১৬৪ জন নার্স এবং ১২৭ জন স্টাফ রয়েছেন। এর মধ্যে এ হাসপাতালে সেবা দিতে গিয়ে এখানে ৪৭ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

জেনারেল হাসপাতালে ডাক্তারসহ নতুন আক্রান্ত ২, সুস্থ ৫ স্বাস্থ্যকর্মী : নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নতুন করে এক চিকিৎসকসহ ২ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ হাসপাতালে মোট ১৪ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ৫ জন সেরে উঠেছেন।

মঙ্গলবার (৫ মে) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য জানান হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসাদুজ্জামান।

আসাদুজ্জামান জানান, মঙ্গলবার হাসপাতালের নাক, কান, গলার চিকিৎসকের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গতকাল হাসপাতালের আরও এক স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ আসে। এ নিয়ে এখানে ২ চিকিৎসকসহ মোট ১৪ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হলো।

শনাক্তদের মধ্যে এরই মাঝে ৫ জন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন বলে জানান আসাদুজ্জামান।

২৪ ঘন্টায় আক্রান্ত ২০ মৃত্যু ১ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২০ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় ১ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ জনের সুস্থ হবার সংবাদ জানান তিনি।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ১৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৩৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ১১২৪ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১১২৪ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৫১ জনের আর সুস্থ হয়েছেন ৫৮ জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

October 2026
F S S M T W T
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031