ব্রেকিং নিউজঃ

মোদির শপথ পেছানোয় শুক্রবারের পরিবর্তে শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবারের পরিবর্তে শনিবার দিল্লি সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর স্পিস রাইটার এম নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শনিবার সকাল ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন।’

এর আগে সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছিল, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ জুন) ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ৮ জুন সন্ধ্যায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানের কথা থাকলেও সেটি ৯ জুন হবে।

পরে বৃহস্পতিবার বিকালে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, নরেন্দ্র মোদির শপথ পিছিয়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরও একদিন পেছাচ্ছে। তিনি দিল্লির উদ্দেশে ৮ জুন রওনা করবেন। শপথ হবে ৯ জুন। শেখ হাসিনা দেশে ফিরবেন ১০ জুন।

গত বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে আলাপকালে তার সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। শেখ হাসিনা এ আমন্ত্রণ গ্রহণ করেন।

উল্লেখ্য, ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৪টি আসনে জয়ী হয়েছে। আগামী ৯ জুন প্রধানমন্ত্রী হিসেবে মোদির শপথ নেওয়ার কথা রয়েছে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930