আর্জেন্টিনার ক্লাবকে জিতিয়ে দেশে ফিরছেন জামাল ভূঁইয়া
আর্জেন্টিনায় অভিষেকটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। তৃতীয় বিভাগের দল সোল দা মায়োর অধিনায়কত্ব করেছেন। নিজে গোল করেছেন এবং দলও জিতেছে।
সোল দা মায়োর জার্সিতে অভিষেক ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল জামালের। বাফুফে থেকে সেভাবেই টিকিট পাঠানো হয়েছে তাকে। রোববার (২৭ আগস্ট) ম্যাচের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে জামাল ভূঁইয়া বলেছেন- সোমবার ঢাকায় ফেরার ফ্লাইট ধরবেন।
নিজের ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় জামাল ভূঁইয়া বলেন, ‘আজকে আমার প্রথম খেলা ছিল। অনেক ঠান্ডা ছিল, ৩-৪ ডিগ্রি। আর অনেক বাতাসও ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ৩ পয়েন্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি একটা গোল করেছি। ভালো লাগছে। এখানে অনেক বাংলাদেশি এসেছিল আমার জন্য। তারা আমাকে সাপোর্ট করেছে। ওভার অল আমি খুবই হ্যাপি, খুবই খুশি। কালকে (সোমবার) আমার ফ্লাইট। আমি বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসলে সবার সঙ্গে দেখা হবে।’
বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দেশ আর্জেন্টিনার ক্লাবে অভিষেক হওয়া, অধিনায়কত্ব পাওয়া, গোল করে দলকে জেতানো, নিজের পছন্দের ৬ নম্বর জার্সি পরে খেলা এবং তার সম্মানে এ ম্যাচে দলের লাল-সবুজ জার্সি ব্যবহার করা- সবকিছু মিলিয়ে জামাল ভূঁইয়াময় হয়ে উঠেছিল সোল দা মায়োর এ ম্যাচটি। মেসি-ম্যারাডোনার দেশের কোনো ক্লাবে বাংলাদেশ অধিনায়কের অভিষেক এর চেয়ে রঙিন কী হতে পারতো?
জামাল ভূঁইয়ার এই অভিষেক ম্যাচে আর্জেন্টিনায় বসবাসকারী অনেক বাংলাদেশি ব্যানার-ফেস্টুন নিয়ে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। তারা ‘স্বাগতম জামাল’ লেখা ব্যানার হাতে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন স্টেডিয়ামের পাশে।
সোমবার রওনা দিয়ে জামাল ভূঁইয়া ঢাকায় পৌঁছাবেন ৩০ আগস্ট। এসেই উঠবেন জাতীয় দলের ক্যাম্পে। ৪ ও ৭ সেপ্টম্বর বাংলাদেশ দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এ দুই ম্যাচের জন্য জাতীয় দলের প্রস্তুতি শুরু হয়েছে ২০ আগস্ট।
