জীবনের গান বাজে পাহাড়েও শাহ মতিন টিপু
পাহাড়েও বাজে জীবনের গান
ভেঙে হয় খান খান ঊষর মরুভূমি
রহস্যের পর রহস্য ঢেলে গেলে ঠোঁট
সরোবরে, জলের অতলে কভু নামলে না-
দূরের আকাশও দেখছি ভূ-তলে নামতে
পাহাড়চূড়া ছুঁয়ে ছুঁয়ে মেঘদূতকে দেখেছি
মেতে উঠতে সে জীবনসংগীতে-
নিরাক-নিপাট গভীর রজনীতে।
কোনো কিছুই কী স্থির- মোটেই নয়
তারারও পতন হয়, পতন মানেই সৃষ্টির ডাক
হৃদয়মন জুড়ে ছাওয়া তন্ত্রীতে তন্ত্রীতে
কোনো কিশলয়ে নব আবাহন।
ভালোবাসো যদি- কাছে আসো যদি
দেখবে পাহাড়ের ঢাল বেয়ে কেমন অদ্ভূত
নেমে আসে নদী, পলল সম্ভারে পল্লবিত
যার অপার জলধি।
