ভ্যাট রিটার্নে রাজস্ব ৬২৮৩ কোটি টাকা
করোনা ভাইরাসের সংক্রমণরোধে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু মাসিক ভ্যাট বা মূল্য সংযোজন কর জমা নিতে ছুটির মধ্যেও ১২ থেকে ১৫ এপ্রিল সীমিত আকারে খোলা ছিল ভ্যাট সার্কেল অফিস।
এই সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২৫২টি ভ্যাট সার্কেলে ৩০ হাজার ৭৮১টি রিটার্ন জমা দিয়েছেন ব্যবসায়ীরা। এতে রাজস্ব আহরণ হয়েছে ৬ হাজার ২৮৩ কোটি ৩৭ লাখ টাকা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআরের তথ্য বলছে, দেশে এনবিআরের আওতাধীন বৃহৎ করদাতা ইউনিটসহ (এলটিইউ) ১২টি ভ্যাট কমিশনারেট এবং ২৫২টি ভ্যাট সার্কেল রয়েছে। যেখানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা এক লাখ ৫৩ হাজার ৫৬৯টি। জরিমানা ছাড়া মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে চার দিন সীমিত আকারে অফিস খোলা রাখা হয়। এই সময়ে মোট ৩০ হাজার ৭৮১টি রিটার্ন জমা পড়ে। এর মধ্যে ম্যানুয়াল দাখিলপত্র ১০ হাজার ৯৯৫টি আর অনলাইনে দাখিলপত্র ১৯ হাজার ৭৮৬টি। চারদিনে মোট রাজস্ব আহরণ হয় ৬ হাজার ২৮৩ কোটি ৩৭ লাখ টাকা।
এলটিইউসহ ১২টি কমিশনারেটের মধ্যে রাজস্ব আহরণে এগিয়ে এলটিইউ। এলটিইউতে চারদিনে মোট রিটার্ন দাখিল হয় ১২৬টি। আর রাজস্ব আহরিত হয় ৪ হাজার ১৯৯ কোটি ৭ লাখ টাকা।
এনবিআর সূত্র বলছে, চার দিনের মধ্যে প্রথমদিন রোববার চার হাজার ২৫১টি ভ্যাট রিটার্ন দাখিল হয়। আর রাজস্ব আহরিত হয় ৩৩৬ কোটি ৪১ লাখ টাকা। দ্বিতীয়দিন সোমবার ৫ হাজার ১৩টি ভ্যাট রিটার্ন দাখিল ও রাজস্ব আহরিত হয় এক হাজার ১৭০ কোটি ৮৩ লাখ টাকা। তৃতীয় দিন মঙ্গলবার রিটার্ন দাখিল হয় তিন হাজার ৬৮৩টি। আর রাজস্ব আহরিত হয় ২৮৭ কোটি ২১ লাখ টাকা। আর শেষ দিন বুধবার সারা দেশে রিটার্ন দাখিল হয় ১৭ হাজার ৫৬০টি। আর আহরিত রাজস্ব চার হাজার ৬০০ কোটি ৫৫ লাখ টাকা।
সূত্র জানায়, প্রতিটি সার্কেল অফিসে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ কঠোরভাবে পালন করা হয়। এই সময়ে প্রতিটি সার্কেলে করোনা সংক্রমণ প্রতিরোধের সব ধরনের নিয়ম পালন করা হয়। বিশেষ করে কর্মকর্তারা পিপিই পরিধান করে রিটার্ন জমা নেন়। আর করদাতাদের প্রবেশে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা রাখা হয়। জনসমাগম এড়াতে রিটার্ন দাখিল শেষে দ্রুত অফিস ত্যাগ করতে বলা হয়।
সরকারি নির্দেশনার কারণে ২৬ মার্চ থেকে প্রায় সব প্রতিষ্ঠান শাটডাউনে রয়েছে। কিন্তু নতুন মূসক আইন অনুযায়ী, প্রতিমাসের ১৫ তারিখের মধ্যে রিটার্ন জমা না দিলে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
করদাতাদের জরিমানা এড়াতে ও আইনি বাধ্যবাধকতা থাকায় এনবিআর ৯ এপ্রিল ভ্যাট রিটার্নের বিষয়ে নির্দেশনা জারি করে। নির্দেশনায় রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি সাধারণ ছুটির সময়েও সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসগুলো ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেয়া হয়।
