ব্রেকিং নিউজঃ

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে প্রায় ২৮৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বৈধ ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের এ পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে)। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এবার একই মাসে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি এসেছে।

তথ্য অনুযায়ী, গত ৩০ ও ৩১ জুলাই—মাসের শেষ দুই দিনে দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। ফলে পুরো জুলাই মাসে মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে।

অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, হুন্ডির বিরুদ্ধে নজরদারি জোরদার এবং ব্যাংকিং সেবার উন্নয়নের কারণে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

তাদের মতে, রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, আমদানি ব্যয় মেটানো সহজ হবে এবং সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয়। তাই নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে এই প্রবৃদ্ধিকে অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930