আজ বিশ্ব বাবা দিবস
প্রতি বছর জুন মাসের ৩য় রবিবার পালিত হয় এই দিনটি। তাই এ বছর জুনের ১৯ তারিখ এ দিনটি পালিত হচ্ছে। ১৯৭২ সালের ২৪ এপ্রিল মার্কিন প্রেসিডিন্ট নিক্সন একটি আইন পাশের মাধ্যমে এ দিনটিকে বাবা দিবস হিসাবে ঘোষণা করেন। দিনটি আমেরিকায় ফেডারেল হলিডে।
আমার নিকট প্রতিটি দিবসই বাবা এবং মা দিবস। শুধুমাত্র একটি দিন হয়ত কোন বিশেষ আয়োজন হয়ে থাকে । আর সেই সূত্র ধরেই দিবসটিকে ধরে নিলাম।
এ বছর ও এ দিবসটি আমার নিকট মহামূল্যবান বলে পরিগণিত হচ্ছে। আমি নিজে বাবা হবার ৩য় বছর পালন করছি । একই সাথে এ বছর উত্তরা পাবলিক লাইব্রেরী ঢাকার উদ্যোগে ঢাকায় বসবাসরত ৩১ জন বাবাকে সেরা বাবার সন্মাননায় সন্মানিত করা হল।
যার মধ্যে আমাদের ( সকল ভাইবোন) বাবা ও একজন । আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি একজন গর্বিত পিতার সন্তান হতে পেরে। এবং সেই সাথে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি ।
এ মহতী ও জমকালো আনন্দমুখর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে আমি আরো গর্বিত ও আনন্দিত হতাম এই কারনে যে স্বয়ং আমার বাবা অনেক বাবাদের সাথে এ বাবা দিবসে সেরা বাবায় সন্মানিত হচ্ছেন। কিন্তু তা আর সম্ভব হয়ে উঠল না কারন গত মার্চে আমি দেশ থেকে এসেছি। এবং এ মুহূর্তে ছুটি ও নেই যে আবার দেশে যেতে পারব।
বাবাকে নিয়ে দু চার দশ পাতা লিখে কি শেষ করা যায় ? মোটে ও না। বাবাকে নিয়ে লিখতে গেলে কোন দিনই লেখা শেষ হবেনা। পৃথিবীর সকল বাবা তার সন্তানের কাছে যেমন প্রিয় তেমনি সকল সন্তান ও তার বাবার নিকট তেমন প্রিয়। আমি ও একজন বাবা ।
আর তাই আমার সন্তান ও আমার নিকট যেমনি প্রিয় তেমনি আমি ও আমার বাবার নিকট তেমনি প্রিয়।
‘বাবা মানে উত্তপ্ত সূর্যের তলে সন্তানের শীতল ছায়া’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে উত্তরা পাবলিক লাইব্রেরি এ অনুষ্ঠানটি আয়োজন করেছে ।
এতে ছিল আলোচনা সভা ও সেরা বাবাদের সম্মাননায় ভূষিত করা । এ লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান একজন সাংবাদিক ও সমাজ সেবক।
যিনি দীর্ঘদিন যাবত নিজেকে সামাজিক নানা কর্মকাণ্ডের সাথে জড়িত রেখেছেন। তার প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এরকম মহতী উদ্যোগ হাতে নেয়ার জন্য।
বাবা হল পৃথিবীর একমাত্র নির্ভরতার স্থান। মাথার উপর যেন এক বিশাল বটবৃক্ষ। রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা আর যত বিপদাপদ আসুক না কেন বাবার হাতটি ধরে থাকলে যেন মনে হয় আর নেই কোন ভয়।
বাবারা এ রকমই হন। আগলে রাখেন তার সন্তানদের সকল প্রকার বিপদাপদ থেকে। নিজের বিলাসীতাকে জলাঞ্জলি দিয়ে সন্তানদের জন্য তা সঞ্চয় করেন।
সবার মত আমার বাবা ও আমার নিকট সেরা বাবা । আমার অহংকার আমার গর্ব। যে বাবার কাছ থেকে শিখেছি মানুষকে ভালবাসতে শিখা সে তোমার শত্রু হলে ও। যাকে দেখেছি অন্যায় কে অন্যায় বলে মাথা না নোয়াতে যাকে দেখেছি নীতিতে অনড়।
সরকারি চাকুরী করেছেন এবং তার উপর অর্পিত বড় বড় দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছেন। সরকারের বড় বড় গোডাউনের মালামাল যার নিকট হেফাজত থাকাকালীন যার চুল পরিমাণ ও যিনি ক্ষতি হতে দেননি। বা লোপাট করেননি রাষ্ট্রের সম্পদ।
সেই ছোটবেলা থেকে বাবার হাত ধরে হাঁটিহাঁটি পা পা করে হাটা শিখা থেকে শুরু করে আজ আমি একজন পূর্ণ যুবকে পরিণত হয়েছি। আমার জন্ম হয়েছিল ভোলা নতুন বাজার সিএন্ডবি স্টাফ কোয়াটারে।
আর বাবা তখন ভোলা গণপূর্ত অধিদপ্তরে ইঞ্জিনিয়ার । এই কোয়াটার থেকেই একবার আমি হারিয়ে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল দুই। বাবা সারা ভোলা শহর মাইকিং আর কোর্ট মসজিদের পুকুরে ফায়ার সার্ভিসের ডুবুরী নামিয়ে দিয়েছিলেন আমাকে খুঁজতে।
অবশেষে নতুন বাজার সিড়িওয়ালা পুলের উপর মুরগি বিক্রেতার কোলে কান্নারত অবস্থায় আমার মামা আমাকে উদ্ধার করেন। সন্ধ্যায় বাসায় দোয়ায় বাবা সেই মুরগি বিক্রেতাকে ও দাওয়াত দিয়েছিলেন।
বাবাকে প্রথম আমেরিকা আনি ২০১৮ সালে। ঘুরিয়ে দেখিয়েছি হোয়াইট হাউজ থেকে শুরু করে নায়াগ্রা ফলস পর্যন্ত। তবু ও মনে হয় আরও যদি কিছু ঘুরিয়ে দেখাতে পারতাম তাহলে আমার ভাল লাগত যেমনি ছোটবেলা বাবা আমাকে সাথে করে ঢাকা শহর ঘুরিয়েছেন।
সরকারি চাকুরী করে আমাদের পাঁচ ভাই বোনকে মানুষ করেছেন । ছোট বেলা থেকেই যাকে দেখে এসেছি ন্যায় আর নীতিতে অটল।
আল্লাহ্ আমাদের বাবাকে সহ সকল বাবাদের নেক হায়াত ও পরিপূর্ণ সুস্থ রাখুন এই দোয়াই করি সব সময়।
স্যালুট পৃথিবীর সকল বাবাদের।
