ব্রেকিং নিউজঃ

লেবার পার্টির সঙ্গে বসে ‘আন্দোলনের কৌশল ঠিক’ বিএনপির

সরকার পরিবর্তনের আন্দোলনে বৃহত্তর ঐক্যের প্ল্যাটফরম গড়তে নাগরিক ঐক্যের পর বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি। ২০ দলীয় জোটে থাকা শরিকদের মধ্যে এটি প্রথম সংলাপ।

শুক্রবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংলাপ হয়।

এতে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ আগামী দিনের আন্দোলনের বিষয়ে করণীয় ও বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়।

বিএনপির পক্ষে সংলাপে অংশ নেন- মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান।

আর লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে অংশ নেন ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান, ভাইস চেয়ারম্যান মোসলেম উদ্দিন, মাহবুবুর রহমান খালেদ, এসএম ইউসুফ আলী, আমিনুল ইসলাম রাজ, আলাউদ্দিন আলী, জহিরুল হক জহির, হিন্দু রত্ন, ঢাকা মহানগর নেতা মাওলানা আনোয়ার হোসেন ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক খন্দকার মিরাজুল।

দেড় ঘণ্টা আলোচনার পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে করণীয় ও বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়েছে।

এতে মোটামুটি আমরা একমত হয়েছি। কিন্তু এ বিষয়ে বিস্তারিত বলতে চাই না এজন্য যে, আমরা অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে ঘোষণাটা যার যার অবস্থান থেকে কিংবা একযোগে দেব।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, জাতির এক ক্রান্তিকালে আমরা আজকে বিএনপির সঙ্গে সংলাপ করেছি। বাংলাদেশে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই।

একটি জগদ্দল পাথর বাংলাদেশের ক্ষমতায় বসে আছে। দেশের আইনের শাসন ও মানবাধিকার শূন্যের কোঠায়। এ রকম সময় বিএনপির এই আলোচনাকে আমরা অভিনন্দন জানাই।

তিনি বলেন, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের যে চেতনা ও আকাঙ্ক্ষা তা বাস্তবায়নের জন্য বিএনপি একটি উদ্যোগ নিয়েছে।

তারা এ দেশের সব দল, মত ও পথের শক্তিকে একত্রিত করে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেছে। আমরা আশা করি এটা পূর্ণতা পাবে।

সেক্ষেত্রে বাংলাদেশ লেবার পার্টি তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে কাজ করবে।

গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যের সঙ্গে প্রথম সংলাপ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031