ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় সবার নজর কাড়লেন মরিয়ম নওয়াজ
পাকিস্তানের জনপ্রিয় নেত্রী মুসলিম লীগের (এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের ছেলে জুনাইদ সফদারের বিবাহোত্তর সংবর্ধনা হয়ে গেল।
শুক্রবার লাহোরে নওয়াজ শরিফের বাসভবনে জমকালো এই অনুষ্ঠান হয়। এতে বর-বধূর পাশাপাশি তাদের গোটা পরিবারের সাজগোজ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে মরিয়ম নওয়াজ সবার নজর কাড়েন।
সংবর্ধনা অনুষ্ঠানে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমন্ত্রিত ছিলেন। মুসলিম লীগের প্রেসিডেন্ট ও বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ, পাঞ্জাবপ্রদেশের বিরোধীদলীয় নেতা হামজা শাহবাজ, মুসলিম লীগের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেবসহ বিভিন্ন রাজনীতিকরা অনুষ্ঠানে যোগ দেন।
এই বিয়ে নিয়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত,তা হলো মরিয়ম নওয়াজের পোশাক। ছেলের বিয়েতে মরিয়ম নওয়াজ যে পোশাক পরেছিলেন এবং তাকে কতটা সুন্দর লাগছিল, তা নিয়ে পাকিস্তানের সর্বত্রই আলোচনা হচ্ছে। ছেলের সংবর্ধনা অনুষ্ঠানে বিখ্যাত নকশাকার নিদা আজওয়ারের নকশা করা জামা পরেন মরিয়ম।
অ্যামব্রয়ডারি করা ভারি ডিজাইনের লেহেঙ্গা পরেন মরিয়ম। রঙ নীল। এর ওপরে সোনার নেকলেস, হীরার ভারি অলংকারে মরিয়মকে দারুণ মানিয়েছে।
পাকিস্তানের ফটো জার্নালিস্ট মালিহা রেহমান ইনস্টাগ্রামে মরিয়মের সাজগোজের একটি ছবি টুইট করেছেন।
ছবির নিচে সবাই মরিয়ম নওয়াজের ড্রেসিং সেন্সের প্রশংসা করছেন। কিন্তু কিছু নেটিজেন মরিয়মের প্রশংসা করতে গিয়ে ছেলের বউকে ছোট করেছেন।
আলিনা নামে একজন লিখেছেন, ‘ওকে (মরিয়াম) মেয়ের জামাইয়ের চেয়েও বেশি সুন্দর লাগছে।’
মরিয়ম নওয়াজের প্রশংসা করে জোয়া রাজা নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘কনের জন্য আমি দুঃখিত‘। নমরা শেখ নামে এক ব্যবহারকারী লিখেছেন, আপনার শাশুড়ি আপনার চেয়ে সুন্দরী হয়ে উঠলে কী হয়?
নওয়াজ শরিফের নাতি জুনাইদ সফদার বিয়ে করেছেন আয়েশাকে। আরও কয়েক মাস আগেই বিয়ে হয়ে গেছে। করোনার কারণে এতদিন ওয়ালিমা হয়নি।
শুক্রবারের অনুষ্ঠানে আয়োজনের কমতি ছিল না। সাত দিনব্যাপী ছিল বিয়ের অনুষ্ঠান। মরিয়ম নওয়াজের গোটা পরিবার উৎসবে মেতে ওঠে। সবার পরনে ছিল জাদরেল সব পোশাক।
খবর জিও নিউ ও দ্য এক্সপ্রেস টিবিউনের।
