মাদারীপুরের কালকিনি ও রাজৈর উপজেলা লকডাউন ঘোষণা
মাদারীপুরের কালকিনি ও রাজৈর উপজেলায় করোনা রোগী সনাক্ত হওয়ায় রোববার দুপুর থেকে উপজেলা দুটিকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসক। লকডাউন চলাকালীন সময় ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে। এছাড়া শিবচর উপজেলা গত ১৯ মার্চ লকডাউন ঘোষণা করা হয়েছিল। মাদারীপুরে মোট করোনা রোগী সনাক্তের সংখ্যা ১৮ জন।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪০ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছে ১৪৬৬ জন।
গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ১৪৫ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে যার মধ্যে ৭৬ জনের রিপোর্টে পাওয়া গেছে। এর মধ্যে মোট ১২ জনের করোনা সনাক্ত হয়েছে। যার মধ্যে শনিবার বিকেলে নতুন করে ৫ জন করোনায় আক্রন্ত হয়েছে।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সের আরএমও ডাঃ মিঠুন বিশ্বাস জানান, শনিবার বিকেলে করোনা সনাক্ত নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়ার সাথে সাথেই আমি আক্রন্ত ওই শ্রমিকের বাড়িতে যাই এবং হাসপাতালে এনে চিকিৎসা শুরু করি । দুঃস্থ পরিবার হওয়ায় শুধু চিকিৎসাই নয়, তার যাবতীয় ব্যয়ভার বহন করছি।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, মাদারীপুর জেলার কালকিনি ও রাজৈর উপজেলায় শনিবার করোনা রোগী সনাক্ত হয়েছে। দুপুরে করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা কালকিনি ও রাজৈর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছি।
কমিটির সভায় আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত কাঁচাবাজার খোলা থাকবে এবং নির্দেশনা মোতাবেক দূরত্ব বজায় রেখে বাজারে অবস্থান করতে হবে। এছাড়া প্রয়োজন ছাড়া কোন ব্যক্তি ঘরের বাহিরে বের হতে পারবে না। অকারনে ঘরের বাহিরে বের হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুরের সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত ১৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এর মধ্যে শিবচর উপজেলায় ১৫ জন, সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় একজন করে।
