শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। শপথ নেওয়া বিচারপতিরা হলেন— বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কেএম জাহিদ সারওয়ার, বিচারপতি একেএম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক। গতকাল সোমবার হাইকোর্ট বিভাগে অতিরিক্ত হিসেবে দুই বছর আগে নিয়োগ পাওয়া ৯ বিচারপতিকে স্থায়ীভাবে নিয়োগ দেয় সুপ্রিমকোর্ট প্রশাসন। রাষ্ট্রপতির আদেশের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
পল্লবীর সাহিনুদ্দিন হত্যার ভিডিও নোয়াখালীর যতন সাহার বলে অপপ্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, এর সঙ্গে জড়িতদের শিগগিরই খুঁজে বের করা হবে। তারা কেন এসব করছে তার জবাব আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিতে হবে।
মঙ্গলবার দুপুরে ‘র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন (৩৩) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার ভিডিও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটিকে নোয়াখালীর যতন সাহা হত্যাকাণ্ড বলে চালানো হচ্ছে।
কুমিল্লার ঘটনা প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন বলেন, কুমিল্লার মণ্ডপে যিনি ঘটনাটি ঘটিয়েছেন, যে ঘটনার কারণে এতকিছু, তাকে আমরা শিগগিরই ধরে ফেলব। তিনি বারবার স্থান পরিবর্তন করছেন, তাই ধরা পড়ছেন না। তবে দ্রুতই তাকে গ্রেফতার করা হবে। কেন তিনি এই কাজ করলেন, আমরা তা জানব, আপনাদেরও জানাব।
