ব্রেকিং নিউজঃ

কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক, তবে সফল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, ধর্মান্ধ নয়। তারা ধর্মভীরু, যে যার ধর্ম পালন করেন।

অন্য ধর্মের মানুষ একটি পবিত্র ধর্মগ্রন্থকে নিয়ে এমনটি করবে সেটি এ দেশের মানুষ বিশ্বাস করে না।

এর পেছনে কী কারণ আছে, সেটি আমরা অবশ্যই খুঁজে বের করব। পরবর্তীতে আপনাদের জানাব। তবে এটা বলা যায়, কুমিল্লার ঘটনাসহ সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে তা উদ্দেশ্যমূলক।

যারা এগুলো করেছেন এবং যে উদ্দেশ্য নিয়ে করেছেন, তাদের সেই উদ্দেশ্য কোনোদিনই সফল হবে না। তাদের আমরা প্রতিহত করব।

খুঁজে বের করব। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে রোববার বিকালে ‘বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম’ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি কুমিল্লায় কুরআন অবমাননার অভিযোগে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়। পরে চাঁদপুর, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় মন্দিরে হামলার ঘটনা ঘটে। এতে ছয় জনের প্রাণহানি ঘটে।

বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়। মন্ত্রী বলেন, এটি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। সবাইকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে চলছি আমরা দুর্বার ও অপ্রতিরোধ্য গতিতে।

আমরা সবসময় বলি, এ দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। অসাম্প্রদায়িকতার দেশ মনে ধারণ করি বলেই আমরা অপ্রতিরোধ্য। তিনি বলেন, ইতোমধ্যে অনেক কিছুই আপনাদের কানে এসেছে। অনেক কিছুই জেনেছেন, আরও জানবেন।

কিন্তু যেহেতু তদন্ত চলছে তাই আমি আর মুখ খুলছি না। অনুষ্ঠানে উপস্থিত সাবেক আইজিপি শহীদুল হক বলেন, অতীতের ঘটনায় পরিষ্কার বোঝা যায় যে স্বাধীনতাবিরোধীরা গুজব ছড়িয়ে ফায়দা নিয়েছে।

আমাদের বিকৃত মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, এবার কিন্তু হেফাজত মাঠে নামে নাই। তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে বলেই মনে হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, সম্প্রতি যে ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। এটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের ওপর আক্রমণ।

বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, কুমিল্লার ঘটনা থেকে প্রমাণিত হয় যে আমরা সাংস্কৃতিক আন্দোলন করতে পারিনি। মিলেমিশে থাকার যে সংস্কৃতি তা বিভিন্ন মাদ্রাসায় শেখানো হয় না।

উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট ড. হারুন রশিদ, কলামিস্ট মিথুশিলাক মুরমু, আয়োজক সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031