ব্রেকিং নিউজঃ

বিভাগে দুই চেয়ারম্যাসহ গ্রেফতার ৪, দুজনকে কারাদণ্ড

সরকারি চাল আত্মসাতের ঘটনায় বরিশালের ৬ জেলায় তোলপাড়

করোনা সংকটকে কেন্দ্র করে হতদরিদ্র মানুষ এবং জেলেদের জন্য বরাদ্দ দেয়া সরকারি চাল আত্মসাতের অভিযোগে বরিশালে তোলপাড় চলছে। বিভাগের ৬ জেলায় গত ১০ দিনে গ্রেফতার হয়েছেন ২ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, একজন মেম্বরসহ ৪ জন। পিরোজপুরে একজন ইউপি মেম্বর ও একজন চৌকিদারকে ১৫ দিনের কারদান্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

একইভাবে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠী, বরিশালের মেহেন্দিগঞ্জ, সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনার পর নজরদারী শুরু করেছে অধিকাংশ জেলার প্রশাসন।

এসব প্রসঙ্গে বরিশাল বিভাগীয় কমিশনার মো. ইয়ামিন চৌধুরী সাংবাদিকদের বলেন, দূর্যোগের সময় কেউ দূর্ণীতি করলে তাকে ছাড় দেয়া হবে না। যেসব ঘটনা বিভাগের জেলা-উপজেলায় ঘটেছে সেগুলোর ব্যাপারে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারি ত্রান সহায়তা যথাযথভাবে বিতরনের জন্য জেলা প্রশাসকদের কঠোরভাবে নজরদারী করতে বলা হয়েছে।

খোঁজ জানা গেছে, উপকূলীয় এলাকা বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে ভিজিএফ’র চাল চুরির অভিযোগে চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে গত ৩ এপ্রিল গ্রেফতার করে পুলিশ। চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু বরাদ্দকৃত ৪৪ মেট্রিকটন চালের মধ্যে সাড়ে ২৭ মেট্রিকটন চাল বিতরণের কোন প্রমাণ দিতে না পরাায় পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালী সদর থানা পুলিশ সুত্র জানায়, ১০ টাকা কেজির ১০ বস্তা চাল কালোবাজারে বিক্রি করার সময় চেয়ারম্যান মনির হোসেনের দুই সহযোগীকে গত সোমবার চালসহ আটক করে পুলিশ। এ ঘটনায় সদর থানা পুলিশ চেয়ারম্যান মনির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করলে ওইদিন রাতেই তাকে গ্রেফতার করা হয়।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর আবুল কালাম আকন ও একই ওয়ার্ডের চৌকিদার গোলাম মোস্তফাকে গত ৯ এপ্রিল পনের দিনের কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়েদুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত। ওই দুজনের বিরুদ্ধে ১০ টাকা কেজির ১৩ বস্তা চাল আত্মসাতের প্রমান পাওয়ায় তাদের ওই দন্ডাদেশ দেয়া হয়েছে। বর্তমানে মেম্বর ও চৌকিদার কারাগারে রয়েছেন।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল ইউনিয়ন পরিষদের গোডাউন থেকে সরিয়ে ফেলার সময় বড়মানিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দারের ছেলে নাদিমকে (২২) পুলিশ বুধবার রাতে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে পুলিশ। জেলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ১০ টাকা কেজির ১৫ বস্তা চাল ওই ইউনিয়নের মো. ওমর একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামের কাছে বিক্রি করেন। পুলিশ শুক্রবার রাতে রফিকুল ইসলামের বাড়ি থেকে ওই চাল উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ বদরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর মো. ওমরকে গ্রেফতার করলেও আ’লীগ নেতা রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।

ঝালকাঠী সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মনিজরুজ্জামান মনিরের বাড়ি থেকে ৫০ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয় গত ৬ এপ্রিল। সদর উপজেলা প্রশাসন ওই চাল উদ্ধারের পর অতিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর রহমানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত এখনও চলছে।

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের মেম্বর ফোরকান হোসেনের বিরুদ্ধে ভিজিডির চাল বিতরনকালে পুতিজনে ৫ কেজি করে চাল কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার মেম্বর ফোরকান হোসেন ৬৮০ জন কার্ডধারীর মধ্যে চাল বিতরণ করেন। প্রত্যেককে ৪০ কেজি করে চাল দেয়ার নিয়ম থাকলেও দেয়া হয়েছে ৩৫ কেজি করে। এছাড়াও প্রতিজনের কাছ থেকে নগদ ১০০ টাকা করে রাখার অভিযোগ রয়েছে।

অভিযোগের বিষয়ে মেম্বর ফোরকান হোসেন বলেছেন, খাদ্যগুদাম থেকে চাল উত্তোলনের পর এলাকায় নিয়ে বিতরণের জন্য কোন পরিবহন খরচ দেয়া হয়না। পরিবহন খরচ মেটানোর জন্য ৫ কেজি করে চাল কম দেয়া হয়েছে এবং জনপ্রতি ১০০ টাকা করে রাখা হয়েছে।

এছাড়া গত বৃহস্পতিবার জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে জেলেদের দুইমাসের জন্য ৮০ কেজি করে চাল দেয়ার নিয়ম থাকলেও ৩০ কেজি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ইউনিয়নে ৭২৩ জন কার্ডধারী জেলের মধ্যে ৩৮৩ জন কার্ডধারীর জন্য চাল বরাদ্দ হয়েছে। আন্ধারমানিক ইউনিয়ন চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম ৩০ কেজি করে চাল দেয়ার কথা স্বীকার করে বলেন, অবশিষ্ঠ চাল এলাকার গরীবদের মধ্যে বিতরণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

August 2026
F S S M T W T
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031