তথ্যবিভ্রাটের বিরুদ্ধে সাংবাদিকদের নিয়ে ইউএসএআইডির কর্মশালা
ডিপ্লোম্যাটিক কোরেসপন্ড্যান্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের জন্য বুধবার একটি কর্মশালার আয়োজন করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।
কর্মশালার বিষয়বস্তু ছিল রিপোর্টিংয়ের ক্ষেত্রে গঠনমূলক উন্নয়ন এবং তথ্যবিভ্রাটের ক্ষেত্রে সতর্কতা।
কর্মশালায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসাইন, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের রোভিং এশিয়া এডিটর মিরাজ আহমেদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্টেরের নির্বাহী পরিচালক অ্যারন শ্যারকম্যান।
সাম্প্রতিক সময়ের ডিজিটাল ও সামাজিকমাধ্যমের প্রেক্ষাপটে গঠনমূলক প্রতিবেদন এবং তথ্যবিভ্রাট নিরসনে মিডিয়ার ভূমিকা নিয়ে বক্তারা আলোচনা করেন।
অংশগ্রহণকারী রিপোর্টাররা বাংলাদেশের মিডিয়ার বিভিন্ন ইস্যু, চ্যালেঞ্জ, সুযোগ, এবং তথ্যবিভ্রাট নিরসনের মাধ্যমে জনকল্যাণে মিডিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন।
ইউএসএআইডির মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স বলেন, বর্তমান বিশ্বে সংবাদের প্রচুর সূত্র রয়েছে। চিরায়ত সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম উভয়ক্ষেত্রে ভুল তথ্য ছড়ানোর প্রবণতা বাড়ছে। এ কারণে এই মুহূর্তে মিডিয়ার গুরুত্ব সব সময়ের মধ্যে সবচেয়ে বেশি।
তিনি বলেন, জনগণের উন্নয়নের স্বার্থে বিশ্বস্ত সূত্রের খবর এবং সঠিক তথ্য খুবই প্রয়োজনীয়; এবং এ বিষয়ে বাংলাদেশি রিপোর্টারদের প্রতি রয়েছে ইউএসএআইডির পূর্ণ সমর্থন ও সহযোগিতা।
এ ধরনের কর্মশালা স্বাস্থ্য, কৃষি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য ইস্যুতে বাংলাদেশি সাংবাদিকদের বোঝাপড়া বাড়াতে সহযোগিতা করবে বলে ইউএসএআইডি মনে করে।
