নদীর জমি থেকে শিল্পপ্রতিষ্ঠান সরিয়ে না নিলে ব্যবস্থা: খালিদ মাহমুদ
নদীর সীমানায় যেসব শিল্পপ্রতিষ্ঠানের অবকাঠামো রয়েছে সেগুলো চিহ্নিত করে তা সরিয়ে নিতে মালিকদের বলা হয়েছে।
এরপরও যারা নিজ থেকে সরাবে না তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ এ তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। এ সময় মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদী দখলদার উচ্ছেদে কিছু ভুলত্রুটি হয়েছে, সেগুলো সংশোধন করা হচ্ছে।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীতীরে গড়ে ওঠা শিল্পপ্রতিষ্ঠানকে আমরা কিছুটা সময় দিতে চাই।
কারণ এতে শিল্প মালিকদের অনেক বিনিয়োগ রয়েছে। বিদেশে অনেক প্রতিষ্ঠান পণ্য রপ্তানি করে থাকে। বিদেশে ওইসব প্রতিষ্ঠানের ভাবমূর্তির বিষয় আছে।
এছাড়া অনেক উৎপাদনশীল প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এ মুহূর্তে ভেঙে দিলে দ্রব্যমূল্য বাড়তে পারে। তিনি বলেন, তাই আমরা সেসব প্রতিষ্ঠানের ভেতরেই নদীর জায়গায় সীমানা পিলার দিয়েছি।
দখলকারী জেনে গেছে, তার স্থাপনা নদীর সীমানায় পড়েছে। তাদের এ নিয়ে বার্তাও দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, শিল্প গড়ে তোলার ক্ষেত্রে যেসব নিয়ম মানা দরকার, সেগুলো তারা মানেনি।
এতে তাদের জরিমানার আওতায় আসার কথা। আমরা তাদের (নদীর সীমানা থেকে শিল্পপ্রতিষ্ঠান অপসারণের) সুযোগ দিয়েছি।
এ সুযোগের যদি সঠিক মূল্যায়ন না করা হয়, তবে অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকার চারপাশের নদীগুলোর দখলদার উচ্ছেদের কাজ পুরোপুরি বা শতভাগ সম্পন্ন করতে পারিনি।
কিছু মামলা-মোকদ্দমা আছে। সেগুলোর ব্যাপারে আমাদের আইনজীবী প্যানেল কাজ করছে। আমরা বলতে পারি, এগুলোতে আমরা সফলতা দেখাতে পারব।
নদীর সীমানা পিলার স্থাপন ও অবৈধ দখল উচ্ছেদ করার ক্ষেত্রে কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে স্বীকার করে তিনি বলেন, সেগুলোর বিষয়ে আমরা শুনানি নিচ্ছি। অনেক বিষয়ে আমরা সমাধান করেছি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যমুনা নদীকে সঠিক ব্যবস্থাপনায় আনতে বিশ্বব্যাংকের সঙ্গে পরামর্শ চলছে।
যেটির নাম দেওয়া হয়েছে যমুনা অর্থনৈতিক করিডোর। এটার সমীক্ষার কার্যক্রম শুরু হবে। সমীক্ষায় সফলতা এলে এবং কাজটি বাস্তবায়ন করতে পারলে সেখানে লাখ লাখ হেক্টর জমি পাওয়া যাবে।
যমুনার ভাঙনের সমাধান আসবে। সংগ্রহ করা জমিতে স্যাটেলাইট সিটি গড়ে তোলা হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর বিকল্প একটি সেতুর প্রয়োজন আছে।
দ্বিতীয় একটি টানেলের সমীক্ষা কার্যক্রম চলছে। সেটার যদি সঠিক ফলাফল আসে তাহলে ভবিষ্যতে সেখানে একটি টানেল নির্মাণ করা হবে।
এ ধরনের একটি চিন্তাভাবনার কথা আমরা জেনেছি। এটি বাস্তবায়িত হলে কর্ণফুলীর পর দেশে দ্বিতীয় টানেল হবে যমুনায়।
পদ্মা সেতুতে ফেরি জাহাঙ্গীরের মাস্তুলের আঘাত লাগার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে সর্বশেষ (ধাক্কা দেওয়ার) যে ঘটনাটা ঘটে গেল, সেখানে সেতু কর্তৃপক্ষ বলেছে স্প্যানে ফেরির ধাক্কা লাগে নাই।
সিগন্যাল লাইট যখন নামিয়ে দেওয়া হয় সেই ভিডিওটা ধারণ করে প্রচার করা হয়েছে।
তিনি বলেন, ওই রিপোর্টারের (একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মী) আরও সতর্ক হওয়া দরকার ছিল।
দ্রুত নিউজটা ছেড়ে দিয়ে সমগ্র দেশবাসীকে একটা আতঙ্কের মধ্যে রাখা ঠিক হয়নি। এ ঘটনায় দেশবাসী আতঙ্কগ্রস্ত হওয়ায় আমরা বিব্রত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।
এ সময় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নেতারা উপস্থিত ছিলেন।
