আফগানিস্তানে কাজে ফিরছে পুলিশ, বিমানবন্দরে ফিরলেন ১২ নারীকর্মী
আফগানিস্তানে কাজে ফিরছে পুলিশ। বিমানবন্দরের কর্মকর্তারা রোববার জানান, কাবুল বিমানবন্দরের চেকপয়েন্ট পরিচালনার কাজে ফিরেছেন আফগান পুলিশ।
তালেবানদের সঙ্গে কাজ করছেন তারা। গত মাসে পদত্যাগ করে চলে যাওয়া অনেকের কাছে তালেবান কমান্ডারের ফোনকল পৌঁছার পর কাজে ফিরেছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ বাহিনীর একজন সদস্য এএফপিকে বলেন, ‘আমি বাড়ি চলে গিয়েছিলাম, দু’সপ্তাহ পর আবার ফিরলাম।’
অন্য একজন কর্মকর্তা বলেন, ‘গতকাল (শনিবার) ছিল দুর্দান্ত, আবার কাজে ফিরতে পেরে দারুণ লাগছে।’
বিমানবন্দর চালু রাখার প্রয়োজনে সম্প্রতি বেশ কয়েকজন নারীকর্মীকে কাজে ফেরার অনুমতি দিয়েছে তালেবান।
কাবুল বিমানবন্দরে কাজ করতেন ৮০ জনেরও বেশি নারী। তাদের মধ্য থেকে মাত্র ১২ জন ফিরেছেন নিজ নিজ দায়িত্বে।
আতঙ্ক কাটেনি অনেকেরই। তাই বেশিরভাগই এখনও আসেননি। পরিস্থিতি আরও স্বাভাবিক হলে হয়তো আসতেও পারেন।
এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসী বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আর কতদিন না খেয়ে থাকবে পরিবারের সদস্যরা? পিঠ ঠেকে গেছে দেয়ালে।
যেভাবেই হোক মেটাতে হবে ছেলেমেয়েদের ভরণপোষণের চাহিদা। সুতরাং, সিদ্ধান্ত পাকা।
আর নয় ‘তালেবানভয়’। যা হবার হবে। এভাবেই সংকল্পবদ্ধ হয়ে কাজে ফিরেছেন কাবুল বিমানবন্দরের ১২ নারীকর্মী।
এএফপির খবরে বলা হয়, রোববার তালেবানের সঙ্গে কাজ করতে বিমানবন্দরের নিরাপত্তায় যুক্ত হয়েছেন পুলিশও।
এভাবেই জীবন জীবিকার কাছে হেরে যাচ্ছে ‘তালেবান আতঙ্ক।
কিছুদিন আগের কথা। এই তালেবানের ভয়েই যে যার মতো পালিয়ে বেঁচেছেন নিজের কর্মস্থল থেকে।
১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের আগেই কর্মীরা চাকরির মায়া ছেড়েছিলেন জীবন বাঁচাতে।
ধীরে ধীরে বদলে যাচ্ছে সে দৃশ্যপট। যেন স্বাভাবিক হয়ে আসছে সব। একে একে কাজে ফিরেছেন অনেকেই।
তালেবান কাবুলে এসেছে এক মাস হয়ে এলো। এরই মধ্যে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন রাবিয়া জামাল।
তালেবানরা কাবুল দখলের পর ২৪ আগস্ট নারীদের কাজে না ফিরে ঘরে থাকার নির্দেশ দিয়েছিল। বলেছিল, ঘরে বসিয়ে বেতন দেওয়া হবে।
পরে ২৮ আগস্ট শুধুমাত্র নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফিরতে বলেছিল তালেবান।
সম্প্রতি বিমানবন্দর চালু রাখার প্রয়োজনে বেশ কয়েকজন নারীকর্মীকে কাজে ফেরার অনুমতি দিয়েছে তালেবান।
এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেভি ব্লু স্যুট পরা ৩৫ বছরের রাবিয়ার কাছে আর কোনো পথ খোলা নেই। বুকভরা সাহস নিয়ে ফিরে এসেছেন কর্মক্ষেত্রে।
তিনি বলেন, ‘আমার পরিবার বাঁচাতে হলে টাকার প্রয়োজন। এ কারণে ঘরে টেনশন করে মরার চেয়ে কাজে যোগ দেওয়াই ভালো মনে করেছি। এখন আমি শান্তি পাচ্ছি।’
শনিবার বিমানবন্দর কর্মীদের মধ্যে ছয়জন নারীকর্মী প্রধান প্রবেশপথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। তারা অপেক্ষা করছিলেন, ঘরোয়া ফ্লাইটে নারী যাত্রীদের স্ক্যান করার জন্য।
রাবিয়ার বোন কুদসিয়া জামালও (৪৯) রয়েছেন এখানে। তিনি এএফপিকে বলেন, ‘চাকরিতে ফিরতে আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু পাঁচ সন্তানের মা আমি।
আমিই পরিবারের একমাত্র উপার্জনকারী। তারা (তালেবান) ফিরে যেতে বললে, যাব। তখন আর কিছু করার থাকবে না। কিন্তু এখন আমি এ কাজ করতে বাধ্য।’
রাবিয়া বলেন, ‘বলতে পারেন আমি কিছুটা স্বপ্নবিলাসী। আমি স্বপ্ন দেখি, আফগানিস্তানের সবচেয়ে ধনী নারী হব।’
একটু হেসে তিনি বলেন, ‘সেটা এখন শুধুই স্বপ্ন।
