ব্রেকিং নিউজঃ

নতুন ৫ মৃত্যু নিয়ে যেসব তথ্য জানাল আইইডিসিআর

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় এই রোগে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

ব্রিফিংয়ে পাঁচজনের মধ্যে দুজন ঢাকায় এবং তিনজন ঢাকার বাইরে মৃত্যুবরণ করেছেন বলেও জানান সেব্রিনা ফ্লোরা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৪১ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।

আক্রান্তদের বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ‘নতুন শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ২৮ জন এবং মহিলা ১৩ জন। এদের মধ্যে ২০ জনই হচ্ছেন ঢাকা শহরের বিভিন্ন এলাকার। এ ছাড়া ঢাকার বাইরে নারায়ণগঞ্জে ১৫ জন, কুমিল্লায় একজন, কেরাণীগঞ্জে একজন এবং চট্টগ্রামে একজন শনাক্ত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বয়স বিভাজনের দিকে তাকালে দেখতে পাই, ১০ বছরের নিচে একজন। ১১ থেকে ২০ বছরের নিচে ৪ জন। ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে ১০ জন। ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ৫ জন। ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে ৯ জন। ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ৫ জন।’

‘গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কারও মধ্যে আমরা নেগেটিভ পাইনি’ জানিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক বলেন, ‘তার মানে সংক্রমণ নেই এ রকম সংখ্যা শূন্য। মোট সুস্থ হয়েছে বাড়ি ফিরে গেছেন ৩৩ জনই।’

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। এরপর দিন দিন সংক্রমণ বেড়েছে। এই ভাইরাসে আজ মঙ্গলবার পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে মোট ১৭ জনের।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ক্রমান্বয়ে ১১ এপ্রিলের পর ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930