‘শান্তিপূর্ণ’ ক্ষমতা হস্তান্তর, আফগান নতুন প্রেসিডেন্ট হচ্ছেন আলি জালালি
পশ্চিমাসমর্থিত আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি অবশেষে ক্ষমতা ছাড়ছেন। তালেবানের অস্থায়ী সরকারের কাছে ‘শান্তিপূর্ণভাবে’ ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল সাত্তার মির্জাক্বল।
বার্তা সংস্থা এএফপির খবর অনুসারে, রেকর্ড করা এক বার্তায় আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আফগান জনগণের চিন্তিত হওয়ার প্রয়োজন নেই… শহরে কোনও হামলা হবে না। অস্থায়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।
এদিকে দেশটির নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আলি আহমদ জালালি। তিনি আগে জার্মানিতে আফগানিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
আফগানিস্তান থেকে প্রাপ্ত খবরে বলা হয়, কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদে তালেবান ও আফগান সরকারের মধ্যে আলোচনা চলছে। আর তালেবান যোদ্ধারা পরবর্তী নির্দেশনার জন্য কাবুলের ফটকগুলোতে অবস্থান করছেন।
আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনস্ট্রাকশনের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ আলোচনায় মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করছেন।
এদিকে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার দোহা থেকে আফগানিস্তানে আসার চেষ্টা করছেন। তিনি বিভিন্ন সরকারের দূতদের সাথে আলোচনার জন্য তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন।
