তালেবানের যুদ্ধ ‘নাজায়েজ’: আশরাফ গনি
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের যুদ্ধকে ‘নাজায়েজ’ বা ধর্মীয় রীতি-বিরোধী বলে মন্তব্য করেছেন।
আফগানিস্তানের বার্তা সংস্থা আরিয়ানা নিউজ এ খবর জানিয়েছে।
এর আগে আফগানিস্তানের এই প্রসিডেন্ট দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই জানিয়ে বলেছিলেন, তালেবান যদি মনে করে আমরা আত্মসমর্পণ করব তাহলে আগামী ১০০ বছরেও তাদের সে আশা পূরণ হবে না।
বৃহস্পতিবার রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে আশরাফ গনি কয়েকজন পদস্থ আফগান সেনা কমান্ডারের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন তালেবানের যুদ্ধ অবৈধ তেমনি এ আগ্রাসন জাতীয়তাবাদী চেতনারও পরিপন্থি।
তালেবান হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় প্রেসিডেন্ট আশরাফ গনি আফগান সেনা কমান্ডার ও সাধারণ সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তালেবানের হাতে বেদখল হয়ে যাওয়া জেলাগুলো আমরা শিগগিরই পুনরুদ্ধার করব।
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার করা শুরু করার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে দেশটির সেনাবাহিনীর ওপর তালেবানের হামলা বেড়ে গেছে।
এরইমধ্যে দেশের ৯০ শতাংশ এলাকা দখল করার দাবি করেছে তালেবান। আফগানিস্তানের বর্তমান সরকারকে তালেবান ‘পুতুল সরকার’ বলে অভিহিত করে থাকে।
তালেবান এর আগে বলেছিল, তাদের যুদ্ধ শুধু বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে। বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করলে তারা অস্ত্র সমর্পণ করে দ্বীনি শিক্ষায় ফিরে যাবে। কিন্তু বিদেশি সেনা চলে গেলেও আফগানিস্তানে যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
