যেভাবে উদ্ধার হলো পরিকল্পনামন্ত্রীর আইফোন
চুরির দেড় মাসেরও বেশি সময় পর উদ্ধার করা হয়েছে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আইফোনটি।নিজের ফোন ফিরে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মন্ত্রী এম এ মান্নান। পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তারা চমৎকার কাজ করেছে।
ফোন উদ্ধারের সংবাদ পাওয়ার পর সোমবার (১৯ জুলাই) নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘একটু দেরি হলেও ফোনটি ফিরে পাচ্ছি। আমার বিশ্বাস ছিল আমি ফোনটি ফিরে পাব। এজন্য পুলিশ বাহিনীকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তারা অনেক চমৎকার কাজ করেছেন। তাদের জন্য ফোনটি ফিরে পেয়েছি।’
গত ১ জুন রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হয়। ছিনতাইয়ের ৪৯ দিন পর সোমবার সকালে রমনা পুলিশ জানায়, পরিকল্পনামন্ত্রীর আইফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তারও দেখিয়েছে পুলিশ।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি পুলিশ বাহিনীর কাজে মুগ্ধ ও খুশি। আইনশৃঙ্খলা বাহিনী আমার বিশ্বাসটা রক্ষা করেছে। এজন্য অনেক ধন্যবাদ। আমার ফোনটা বেশ জনপ্রিয় হয়েছে।’
মন্ত্রীর আইনফোন ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির, মো. হামিদ আহম্মেদ সোহাগ আরিফ ও মো. জীবন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হতে একটি মোটরসাইকেল, বিভিন্ন মডেলের ১০টি ফোন, একটি ল্যাপটপ ও মোবাইলের ভাঙা বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে উপ পুলিশ কমিশনার (রমনা) মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ধানমন্ডি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মন্ত্রীর চুরি যাওয়া মোবাইলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশ বলছে, ধানমন্ডি থানার একটি মামলার ভিকটিম গত ১২ জুন বিকেলে রিকশায় করে যাওয়ার সময় মোটর সাইকেলে করে অজ্ঞাতনামা দুজন ব্যক্তি তার ভ্যানিটি ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়।
সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে মো. সগির ও সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে অপর আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ওই ব্যক্তির মোবাইলফোনসহ পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করা হয়।
