ব্রেকিং নিউজঃ

কঠোর লকডাউনেও বেনাপোলে আমদানি-রপ্তানি স্বাভাবিক

করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় যশোরের বেনাপোল ও শার্শা উপজেলা ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার জেলা করোনা প্রতিরোধ কমিটি এ লকডাউনের সিদ্ধান্ত নেয়। তবে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।

বুধবার থেকে ২৯ জুন পর্যন্ত বেনাপোল ও শার্শা উপজেলার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি রাস্তাও লকডাউন ঘোষণা করা হয়েছে।

এর আগে ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত এক সপ্তাহ লকডাউন ঘোষণা করা হয়েছিল।

বেনাপোল পোর্ট থানা পুলিশ সকাল থেকে দোকানপাট, রাস্তাঘাট ও সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। বিনাপ্রয়োজনে কাউকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে মাইকিং করে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, এবারের লকডাউনে কাঁচাবাজার, মুদিদোকান সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে।

আন্তঃজেলা বাস-ট্রেনসহ সব ধরনের গণপরিবহণ, সিএনজি, রিকশা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, থ্রি-হুইলার, হিউম্যান হলার চলাচল বন্ধ থাকবে। সব ধরনের গণজমায়েত, সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে।

তিনি জানান, ওষুধের দোকান, আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের বহনকারী গাড়ি, সংবাদকর্মীদের গাড়ি লকডাউনের আওতামুক্ত থাকবে।

তাছাড়া বিনাকারণে কেউ যাতে বাড়ির বাহিরে বা বাজার-ঘাটে ঘোরাফেরা করতে না পারে, সেজন্য উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার রাস্তায় রাস্তায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মাঠে কাজ করছে উপজেলা প্রশাসনসহ পুলিশ, আনসার ও বিজিবি। তবে সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখা হয়েছে।

আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজে যারা নিয়োজিত তারা কাস্টমস ও বন্দরে কাজ করতে পারবেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। তারা সবাই হোম কোয়ারেন্টিনে ভালো আছেন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

June 2026
F S S M T W T
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930