ব্রেকিং নিউজঃ

বিএনপি যাদের বন্ধু তাদের শত্রুর দরকার নেই: ওবায়দুল কাদের

বিএনপিকে মুখোশের আড়ালে বহুরূপী দানব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেছেন, গণতন্ত্রের বুলি মুখে নিয়ে সাম্প্রদায়িক অপশক্তির লালন-পালনকারী দল বিএনপি।

দেশে এখন অদৃশ্য ও দৃশ্যমান দুটি শত্রু বিরাজমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অদৃশ্য শত্রু হচ্ছে করোনা আর দৃশ্যমান শত্রু বিএনপি।’

বৃহস্পতিবার (১০ জুন) সকালে সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপির নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতিকে অদৃশ্য শত্রু করোনার চেয়েও ভয়ংকর বলে মনে করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, রাজনীতির মাঠে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, তাই বলে কেউ কাউকে শত্রু ভাবা ঠিক নয়।আওয়ামী লীগ সম্পাদকের মতে, দায়িত্বশীল বিরোধীদল উন্নয়নের সহযাত্রী, কিন্তু বিএনপি নিজেরা তাদের কর্কট রূপ প্রমাণ করেছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে বিএনপি শত্রু মনে করে বলেই পঁচাত্তরে জাতির পিতাকে সপরিবারে হত্যার নীলনকশায় জড়িত এবং বেনিফিশিয়ারি তারা।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে শত্রু মনে করে বলেই ২১ আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা চালিয়েছিল দলটি।

বিএনপি নিরপরাধ মানুষকে আগুনে পুড়িয়ে মারে, সম্পদ নষ্ট করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় গিয়ে আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে জনগণের সম্পদ লুণ্ঠন করে বিএনপি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে। তাই দেশের উন্নয়ন এবং উত্তরণ তাদের গায়ের জ্বালা বাড়ায়। ইতিহাস বলে, বিএনপি যাদের বন্ধু তাদের শত্রুর দরকার নেই।

একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসেবে ইতোমধ্যে ইতিহাসের কাঠগড়ায় বিএনপির বিচার শুরু হয়ে গিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের মনে করেন রাজপথ আর ভোটার বাক্স তার প্রমাণ।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930