একাদশ জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু
একাদশ জাতীয় সংসদের চলতি বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। চলতি অধিবেশনে বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় উপস্থাপন করা হবে আগামী অর্থবছরের (২০২১-২০২২) বাজেট।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন। তারা হলেন- শহীদুজ্জামান সরকার, এবি তাজুল ইসলাম, মোজাহারুল হক প্রধান, আনিসুল ইসলাম মাহমুদ ও রোমানা আলী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এরা নামের তালিকার অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিত্ব করবেন।
এরপর শোক প্রস্তাব উস্থাপন করা হয়। চলতি সংসদের কুমিল্লা-৫ আসনের সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এবং ঢাকা-১৪ আসনের সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা আসলামুল হক আসলামের মৃত্যুতে তাদের স্মরণে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।
