১০০ জন জীবন দিলেই সরকারের পতন হবে: ডা. জাফরুল্লাহ
গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক প্রয়াত আবদুস সালামের মতো ১০০ জন জীবন দিলেই সরকারের পতন হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘এই সরকারকে ছুড়ে ফেলতে হবে। নতুন সুশাসনের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই কাজ।
শনিবার (২৯ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে এক সভায় এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রাজনীতিক আবদুস সালামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ‘গণতন্ত্র ও গণমানুষের সরকার প্রতিষ্ঠা কোন পথে?’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজক ছিল গণসংহতি আন্দোলন। সভাপতিত্ব করেন দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
সভায় জাফরুল্লাহ বলেন, ‘মাত্র ১০০ জন। যারা এই ১০০ জন দেবেন, তাদের জন্য আমার প্রস্তাব হলো, আমরা সব রাজনৈতিক দল মিলে একটি তহবিল গঠন করে তাদের পরিবারকে দেখাশোনা করব।’
রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, ‘আমরা আর কত দিন ছোট ছোট দল করব। আমরা অনেক দিন সময় কাটিয়েছি। চারটি সংগঠন বসে আলোচনা করে। আর কত বসবেন, বসে বসে কোমরে ব্যথা হয়ে গেছে। এবার একটা সিদ্ধান্তে আসেন।
‘ঐক্যে ভুলভ্রান্তি থাকবে, তবে তা সংশোধন করবেন। জনগণ আপনাদের একসঙ্গে দেখতে চায়। তাদের সঙ্গে নিয়ে আমরা দেশের পরিবর্তন করব।’
উল্লেখ্য, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবদুস সালামের ২০১৭ সালের ২৬ মে রাজধানীর বারডেম হাসপাতালে মৃত্যু হয়। তিনি কিডনি ও হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
