ব্রেকিং নিউজঃ

‘এইচআরডব্লিউ এতো কিছু ওয়াচ করে আর ফিলিস্তিন চোখে পড়ে না’

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এতো কিছু ওয়াচ করে আর এখন পৃথিবীর সব টেলিভিশন যে এই বর্বরতা দেখাচ্ছে সেটা তাদের চোখে পড়েনি, তাদের কোনো বিবৃতিও নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৭ মে) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ-উত্তর মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

ফিলিস্তিনি জনতার ওপর অব্যাহত ইসরায়েলি বোমা হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নীরব কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে যখন ইসরায়েল কর্তৃক মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, তখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো নিশ্চুপ।

তিনি বলেন, ‘পান থেকে চুন খসলেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দেয়, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের পক্ষে বিবৃতি দিয়েছে, শহীদুল হকের পক্ষেও বিবৃতি দিয়েছে। কিন্তু আজকে যখন ফিলিস্তিনে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কোনো অফিসিয়াল বিবৃতি আমরা দেখতে পাইনি।

তাদের মিডল-ইস্ট এবং নর্থ আফ্রিকার অঞ্চলের একজন উপপরিচালক একটি বার্তা সংস্থার সঙ্গে আলাপকালে কিছু কথা বলেছেন, কিন্তু তাদের অফিসিয়াল কোনো বিবৃতি নেই।’

এই ধরনের অপরাধের সময় যারা নিশ্চুপ থাকে এবং দেখতে পায় না, তাদের আসলে অন্য কোনো বিষয় নিয়ে বিবৃতি দেয়ার নৈতিক অধিকার থাকে কি-না, এটি একটি বড় প্রশ্ন, বলেন মন্ত্রী।

১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর রক্তভেজা বাংলাদেশের মাটিতে ফিরে এসে পিতৃহীন সন্তানের মতো আওয়ামী লীগকে মায়ের স্নেহেই চারবার রাষ্ট্রক্ষমতায় নিয়ে গেছেন জননেত্রী শেখ হাসিনা।’

পরিকল্পনা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বঙ্গবন্ধু-কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিনে একটি সুখবর দিতে চাই উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, করোনা মহামারির মধ্যে প্রায় সব দেশে যেখানে অর্থনীতি সংকুচিত হয়েছে, মাথাপিছু আয় কমেছে, সেখানে গত বছর বাংলাদেশে মাথাপিছু আয় বেড়েছে। আমাদের ২০১৯-২০ অর্থবছরের মাথাপিছু আয় দুই হাজার ৬৪ ডলার, এখন প্রায় নয় শতাংশ বৃদ্ধি পেয়ে দুই হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে, যা আমাদের জাতির জন্য আরেকটি অর্জন।

ফেসবুকে লাইক দিন

Latest Tweets

তারিখ অনুযায়ী খবর

November 2026
F S S M T W T
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930